অনেকেই কমেডির নামে ভাঁড়ামি করে :শিমুল সরকার

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ১৯:৪৮
আজ থেকে একুশে টেলিভিশনে শুরু হচ্ছে তরুণ জনপ্রিয় নির্মাতা শিমুল সরকারের নতুন মেগা সিরিয়াল ‘মামার হাতের মোয়া’। আর এই নাটকেই অনেক দিন পর রাজশাহীর ভাষাতে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু। নাটকে তিনি বাংলা সিনেমার হিরো হওয়ার আশায় প্রতিনিয়ত চেষ্টারত এক তরুণ। গ্রাম থেকে ঢাকায় এসে মামা কচি খন্দকারের বাসায় এসে লেখা-পড়ার পাশাপাশি চলছে নায়ক হওয়ার মহড়া। নায়ক হতে গিয়েই নায়িকারূপী সীমানার সাথে তার সখ্যতা। তাদের দুজনের অনুশীলন দৃশ্যগুলো দর্শকদের আলাদাভাবে টানবে বলে জানালেন এই জনপ্রিয় অভিনেতা। কমেডিধর্মী এই ধারাবাহিকটি আগামী ৯ মার্চ থেকে শুরু হচ্ছে একুশে টেলিভিশনের পর্দায়। বরাবরের মতো এবারে কমেডি প্লট নিয়েই ধারাবাহিক শুরু করলেন। একই সাথে এবারে রাজশাহীর আঞ্চলিকতা নিয়ে নাটক নির্মাণ করেছেন। এই আঞ্চলিক ভাষা প্রয়োগ প্রসঙ্গে শিমুল সরকার বলেন, ‘আমাদের দেশে ভাষা বিকৃতির নামে যে নতুন কিম্ভুত ভাষা চর্চা করা হয় নাটকে। তার চেয়ে যে যার এলাকার আঞ্চলিক ভাষা প্রমোট করলেও দর্শকদের কাছে অনেকাংশে গ্রহণযোগ্য হবে।’ একুশে টেলিভিশন সূত্রে জানা গেছে নতুন বছর ২০১৪-এর শুরুতেই একুশে টেলিভিশনের নতুন চমক হিসেবে আসছে শিমুল সরকারের এই মেগা ধারাবাহিকটি। ধারাবাহিকের রচয়িতা ফজলুল হক আকাশ। নাটকটি সম্পর্কে আশাবাদী নির্মাতা শিমুল সরকারও। বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান নাটকের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন। কমেডি প্লটে নাটক নির্মাণ প্রসঙ্গে শিমুল সরকার বলেন, ‘কমেডি নির্ভর নাটক সবাই তৈরি করতে পারে না। অনেকেই কমেডির নামে ভাঁড়ামি করে। আমারটায় কোনো ভাঁড়ামি নেই।’