আসছে ঢাকা থিয়েটারের নতুন প্রযোজনা আউটসাইডার

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ১৯:৪৯
দীর্ঘদিন পর স্বনামধন্য থিয়েটার দল ঢাকা থিয়েটারের নতুন নাটক মঞ্চে আসছে। আগামী ১৪ মার্চ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘আউটসাইডার’-এর কারিগরি মঞ্চায়ন হবে। সন্ধ্যা ৬টায় এই মঞ্চায়নে দলের প্রখ্যাত ও নবীন শিল্পীদের সমন্বয়ে মঞ্চায়িত হবে নতুন নাটক। গত কয়েক মাস ধরেই এর পরিকল্পনা আর মহড়া চলছে। আলব্যের ক্যামুর জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলিতে তার উপন্যাস অবলম্বনে ঢাকা থিয়েটারের নতুন এই প্রযোজনার নাম ‘আউটসাইডার’। নাটকটির রচয়িতা রুবাইয়াত্ আহমেদ, নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। নতুন এই প্রোডাকশন প্রসঙ্গে রুবাইয়াত্ আহমেদ বলেন, ‘ঢাকা থিয়েটার এমন একটি দল। যে দলের নতুন প্রযোজনা মানেই অন্য কিছু। তাই সেই চাপ ও দর্শকদের প্রত্যাশা আমাদের কাছে। সবকিছুই থাকেই আকাশচুম্বী। সেইভাবেই আমাদের দলের প্রতিটি সদস্য নিষ্ঠার সাথে কাজ করছেন। আশা করি তারা আমাদের মঞ্চায়ন দেখেও মুগ্ধ হবেন। আর আমাদের নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ বরাবরই খুব নিষ্ঠা আর একাগ্রতা নিয়ে কাজ করেন। এখানেও কোনো ব্যতিক্রম নেই। ‘আউটসাইডার’-এর মঞ্চ ও নেপথ্যে কলাকুশলীরা হলেন। ম্যরসল চরিত্রে রফিকুল ইসলাম, ওয়ার্ডেন ও নগর প্রশাসক চরিত্রে মিলু চৌধুরী, কবি চরিত্রে এশা ইউসুফ, মারি ও তরুণী চরিত্রে জয়শ্রী মজুমদার লতা, রেমন্ড চরিত্রে সাজ্জাদুর সাজ, সালামানো ও বিচারক চরিত্রে লিটন, মা ও কথক চরিত্রে আফরোজা চুমকি, যুবক ও কথক চরিত্রে হাসনাত মিথুন, দারোয়ান চরিত্রে মোস্তফা রতন, উকিল, আরব যুবক ও কথক চরিত্রে শাহজাদা সম্রাট, কথক চরিত্রে শুভ, ম্যাজিস্ট্রেট ও আরব যুবক চরিত্রে সউদ চৌধুরী, পাদ্রি চরিত্রে সাজ্জাদ রাজীব। এ ছাড়াও নেপথ্যে রয়েছেন সংগীত ও পোশাক পরিকল্পনা :শিমূল ইউসুফ, মঞ্চ পরিকল্পনা :নাসির উদ্দীন ইউসুফ, পোস্টার ডিজাইন :আফজাল হোসেন, আলোক পরিকল্পনা :ওয়াসিম আহমেদ, সহকারী নির্দেশক :এশা ইউসুফ, ওয়াসিম আহমেদ, সৌজন্য অধিকারী, কোরিওগ্রাফি :মিনু হক, এশা ইউসুফ, সংগীত প্রক্ষেপণ :সুমন ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা :রুবাইয়াত্ আহমেদ, আলোক প্রক্ষেপণ সহকারী :বাপন, প্রকাশনা সহকারী :সাজ্জাদুর সাজ, সেট নির্মাণ :অঞ্জন সরকার জিমি।