স্বপ্নদলের নারী দিবস সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী মজুমদার

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ১৯:৪৯
‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৪’ উদ্যাপন উপলক্ষে নাট্যজন ফেরদৌসী মজুমদারকে ‘মঞ্চজননী’ আখ্যায়িত করে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করছে নাট্যসংগঠন স্বপ্নদল। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ‘নক্ষত্রগর্ভা-জননী’ অভিধায় স্বপ্নদলের নিয়মিত নাট্যকর্মীদের মায়েদেরও সম্মান জানানো হবে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বিশ্বকেন্দ্রের সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। দ্বিতীয় পর্বে নারীর আত্ম-অধিকার ও সম্মানাবস্থান প্রেরণার স্মারক স্বপ্নদলের দর্শকনন্দিত ও আলোচিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’-এর গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। উল্লেখযোগ্য, সকল নারীকে আন্তরিক সম্মান জানাতে স্বপ্নদল ২০১২ থেকে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালন শুরু করে। প্রথম বছরে নাট্যজন নূনা আফরোজ ও দলের একজন নাট্যকর্মীর মাতা এবং পরবর্তী বছরে নাট্যজন লাকী ইনাম ও দলের সকল নারী-নাট্যকর্মীকে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করা হয়। ‘আন্তর্জাতিক নারী দিবস’ ৮ মার্চ হলেও হল-সংকটের কারণে এবার একদিন পরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।