চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ৮ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৮২ কোটি টাকা রাজস্ব আয় করেছে। যা বিদায়ী অর্থবছরে একই সময়ের তুলনায় ২১ কোটি ৯৪ লাখ ৬৩ হাজার ৮৮৬ টাকা বেশি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারের লেনদেন বেড়ে ধীরে ধীরে রাজস্ব আদায় বাড়ছে। সামনে এ খাতের লেনদেন বাড়তে থাকলে রাজস্ব আদায় আরও বেড়ে যাবে। এদিকে গত বছরের বিভিন্ন সময়ে লেনদেন কম থাকায় রাজস্ব আদায়ও কম ছিল।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ৮ মাসে ডিএসইর সদস্যদের কাছ থেকে ৮১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার ৩৮৮ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। যা বিদায়ী অর্থবছরের তুলনায় ২১ কোটি ৯৪ লাখ ৬৩ হাজার ৮৮৬ টাকা বেশি। গত ২০১২-১৩ অর্থবছরের একই সময়ে প্রতিষ্ঠান থেকে এনবিআর ৫৯ কোটি ৯০ লাখ ৬১ হাজার ৫০২ টাকা রাজস্ব আদায় করে।
জানা গেছে, চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে ডিএসই ১০ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ৩০২ টাকা রাজস্ব পরিশোধ করে। যা গত অর্থবছর এ সময়ে রাজস্ব পরিশোধ ছিল ৭ কোটি ২১ লাখ ১৬ হাজার ৯৬১ টাকা। জানুয়ারিতে এ পরিমাণ ছিল ১২ কোটি ৫২ লাখ ৬৩ হাজার ৪৫ টাকা। গত অর্থবছর একই সময়ে ছিল ৩ কোটি ৮৯ লাখ ৭ হাজার ৭৮১ টাকা। আর জুলাই মাসে ডিএসই রাজস্ব দেয় ১৫ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৯৭৫ টাকা। যা গত অর্থবছর ছিল ৪ কোটি ৫ লাখ ৬৪ হাজার ১২২ টাকা।
