চা আমদানির ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক পুনর্বহালের দাবি

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২০:১৬
দেশীয় চা শিল্পের অস্তিত্ব রক্ষায় চা আমদানির ওপর পূর্বের আরোপিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ চা সংসদ। সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাত্ করে চা সংসদের নেতারা এ দাবি জানান। বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান মো. সাফওয়ান চৌধুরী জানিয়েছেন, চা শিল্পের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমদানির ওপর ইতিপূর্বে আরোপিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করায় নিম্নমানের সস্তা চা আমদানি অব্যাহত আছে। অবাধ আমদানি বৃদ্ধির ফলে চলতি নিলাম মৌসুমে (২০১৩-১৪) আশঙ্কাজনকভাবে চায়ের দরপতন হচ্ছে। বাংলাদেশের চা শিল্প অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। জানা গেছে, প্রতিবেশী দেশ ভারত পৃথিবীর অন্যতম বৃহত্ চা উত্পাদনকারী দেশ। সেখানে চা শিল্পের স্বার্থ রক্ষার্থে চা আমদানির ওপর মোট ১১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের দেশের চা শিল্প রক্ষার্থেও শুল্ক আরোপের দাবি জানান ব্যবসায়ীরা। প্রসঙ্গত, চা সংসদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে অর্থ মন্ত্রণালয় ২০১১ সালে চা আমদানির ওপর ২৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করে। পরবর্তীতে সরকার রেগুলেটরি ডিউটি ৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ করে, যা ২০১৩ সালে প্রস্তাবিত অর্থ আইনেও বহাল ছিল। কিন্তু ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পাসের ঠিক আগে আকস্মিভাবে ২০ শতাংশ সম্পূরক শুল্ক অর্থ আইন ২০১৩ থেকে প্রত্যাহার করে নেয়া হয়। এতে দেশীয় উত্পাদনকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তথ্যমতে, ২০১০ সালে চা আমদানি হয়েছে ৪ দশমিক ১৩ মিলিয়ন কেজি। আর ২০১১ সালে হয়েছে ৪ দশমিক ৯৮ মিলিয়ন কেজি। আর ২০১২ সালে সম্পূরক শুল্ক থাকায় আমদানি হ্রাস পেয়ে ১ দশমিক ৯২ মিলিয়ন কেজিতে দাঁড়ায়। কিন্তু ২০১৩ সালে এ শুল্ক প্রত্যাহার করায় আমদানি কয়েকগুণ বেড়ে ১০ দশমিক ৬২ শতাংশে এসে দাঁড়িয়েছে। জানা গেছে, অবাধ আমদানি বৃদ্ধির কারণে চলতি নিলাম মৌসুমে (৩০-০৪-২০১৩) অনুষ্ঠিত ১ম সেলে যেখানে গড় নিলাম মূল্য ছিল প্রতিকেজি ২৭৪ দশমিক ৯৮ টাকা। সেখানে গত (১৮-০২-২০১৪) অনুষ্ঠিত ৩৯তম সেলে দর পতনের কারণে গড় নিলাম মূল্য দাঁড়ায় ১৪৩ দশমিক ১২ টাকা। তদুপরি প্রতি সেলে ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ চা অবিক্রিত থেকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে বিক্রয় মূল্য উত্পাদন ব্যয়ের অনেক নিচে যাবে এবং চা শিল্পে মারাত্মক ক্ষতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।