যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২১:৫৩
যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সমপ্রতি তালেবানের সঙ্গে পাক সরকারের যুদ্ধবিরতি চুক্তির পরেও গত সোমবার ইসলামাবাদের একটি আদালত কক্ষে অস্ত্রধারীদের হামলায় ১১ জন নিহত হলে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। অবশ্য তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) বলেছে, ঐ হামলায় তাদের কোনো ভূমিকা ছিল না। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গত সপ্তাহে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি মেনে না চললে উপজাতি এলাকায় তালেবানবিরোধী অভিযান বা সেনা পাঠাতে পাকিস্তান সরকার দ্বিধা করবে না। তিনি বলেন, যদি অস্ত্রধারীরা হামলা চালাতে থাকে তবে পাক সরকার মার্চ মাসে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এদিকে তালেবান জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর উপর হামলা অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানে সামরিক বাহিনীরা কর্মকর্তারা। শুক্রবার দেশটির সামরিক বাহিনীর কোর কমান্ডারদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। বৈঠকে বলা হয়েছে, তালেবানরা যদি ভবিষ্যতে সামরিক বাহিনীর ওপর হামলা চালায় তাহলে তালেবান আস্তানায় বিমান হামলা চালাবে সামরিক বাহিনী।