চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক ট্রেবল জয়ের সম্ভাবনা দেখছেন দলটির সহকারী কোচ এবং ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান। কার্লো আনচেলত্তির শিষ্যরা বর্তমানে এক পয়েন্টের ব্যবধানে বার্সেলোনাকে পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে আছে। আগামী মাসে কোপা ডেল রে ফাইনালে কাতালানদের লড়বে তারা। এছাড়া জার্মান ক্লাব শ্যালকের বিপক্ষে ৬-১ গোলে প্রথম লেগ জিতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালও প্রায় নিশ্চিত করেছে তারা।
নতুন বছরে বেশ কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্স বিচারে জিদানের আশাবাদ, রিয়াল এই তিনটি টুর্নামেন্ট জিতে ইতিহাস সৃষ্টি করবে। স্প্যানিশ সংবাদপত্রকে এক সাক্ষাত্কারে ফরাসি বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘ট্রেবলজয়ের সম্ভাবনা নিয়ে অবশ্যই আপনি আলোচনা করতে পারেন। যখন আপনি রিয়াল মাদ্রিদে খেলেন তখনই লক্ষ্য জানতে পারবেন। আমরা তিনটি প্রতিযোগিতায় ভালোভাবে টিকে আছি।’
