রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পেশাদারিত্ব ও ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে সাহসিকতার সাথে সমপ্রতি সংঘটিত প্রতিকূল পরিস্থিতি আইনানুগভাবে মোকাবেলা করে জনজীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনার জন্য সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। ‘পুলিশ সপ্তাহ-২০১৪’ উদযাপন উপলক্ষে বঙ্গভবনে গতকাল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এক সভায় রাষ্ট্রপতি এ ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, সামপ্রতিক সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরী হওয়ার অব্যবহিত পরে এবং সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতি ওইসব সহিংস ঘটনা রোধকল্পে এবং দেশের শান্তি-শৃংখলা রক্ষায় পুলিশ বাহিনীর যেসব নিষ্ঠাবান সদস্য নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুস্তাক আহমেদ ও মহাপুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার উপস্থিত ছিলেন।
