জাতীয় দলের কোচ ও বোলারদের এক হাত নিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক দিলিপ ভেংসরকার। বেশ কিছু দিন যাবত্ দলের বাজে পারফরম্যান্সের পর কোচ ডানকান ফ্লেচার ও বোলারদের সমালোচনা করলেন ভেংসরকার। এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল করতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ফেরার কোন বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
মুম্বাইয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি উন্মোচন অনুষ্ঠানের পাশে ভেংসরকার ভারতীয় দলের যাচ্ছে তাই বোলিংয়ে হতাশা প্রকাশ করেন।
স্থানীয় পত্রিকা ইন্ডিয়া টুডেকে তিনি বলেন, ‘আমরা একই বোলার খেলাচ্ছি এবং আমাদের হাতে বিকল্প নেই। ঈশ্বর পান্ডেকে এখনো দলে নেয়া হচ্ছে না। কারণ সে কেমন খেলে কেউ তা জানে না। ভারতীয় দলের বর্তমান বোলাররা ক্লান্ত এবং হতাশ মনে হচ্ছে।’
কোচ ফ্লেচারের সমালোচনা করে ভেংসরকার বলেন, ‘তিনি আমাদের হতাশ করেছেন। দেশের বাইরে আমরা সব কিছু হারাচ্ছি। এছাড়া তিনি ঘরোয়া ক্রিকেট দেখেন না। ঘরোয়া ক্রিকেট না দেখা পর্যন্ত তিনি নির্বাচকদের পরামর্শ দিতে পারবেন না। কেবল জাতীয় দলের খেলা দেখাটা যথেষ্ট নয়। তার চুক্তিতে কি আছে আমি জানি না।’
দলের সমালোচনা করলেও বাংলাদেশে অনুষ্ঠেয় আসন্ন টি-২০ বিশ্বকাপে ধোনির নেতৃত্বে ভারতীয় দল ভাল করবে বলে আশাবাদী ভেংসরকার।
সবশেষে তিনি বলেন, ‘এশিয়া কাপে ব্যর্থ হওয়া সত্ত্বেও দলটির কাছ থেকে আমার উচ্চাশা রয়েছে। এটা টি-টোয়েন্টি ক্রিকেট এবং তারা ২০০৭ সালের মতো এবারও শিরোপা ঘরে তুলবে বলে আমি আশা করছি।’
তবে সেই আকাঙ্ক্ষার স্বার্থক বাস্তবায়নের জন্য ধোনির কোন বিকল্প নেই বলে মনে করছেন ভেংসরকার। সাইড স্ট্রেইন সমস্যার জন্য এশিয়া কাপের দল থেকে নাম প্রত্যাহার করে নেয়া ধোনিকেই অভিজ্ঞতা বিচারে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য উল্লেখ করে তিনি বলেন, ‘ধোনি ফেরায় দলের জন্য অতীব প্রয়োজনীয় অভিজ্ঞতাটা ফিরে আসবে। সে একজন ম্যাচ উইনার। শেষ দিকে দেশের বাইরে জয় পেতে তাকে ধুকতে হয়েছে। তবে তার নির্দেশনায় দল ভাল করবে।’ ধোনির অধীনেই টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে ভারত।
ভেংসরকার কথা বলেছেন দলের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়েও। বরাবরের মতো ব্যাটিংকেই দলের শক্তির জায়গা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী এবং ১৮০র বেশি রান জয়ের জন্য যথেষ্ট। বাংলাদেশে স্পিন বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভারতীয় বোলারদের ভাল করতে হবে। আমাদের বোলিং বিভাগ দুর্বল; কিন্তু টি-২০ ক্রিকেটে যে কোন কিছুই ঘটতে পারে।’
উল্লেখ্য, ১৯ মার্চ মিরপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে সেরা একাদশে পরিবর্তন না আনায় ভারতের সাবেক ক্রিকেটার সুনিল গাভাস্কারের সমালোচনা করার কয়েকদিন পরই ভেংসরকার এমন মন্তব্য করলেন।
