ইদানীং অ্যাকশনধর্মী ছবির আবারও নতুন জোয়ার শুরু হচ্ছে। আর দর্শকদের কাছেও এখন নায়ক নির্ভরতাও কমছে বেশ। সে পথেই হাঁটলেন অপু বিশ্বাস। অ্যাকশনধর্মী এই থ্রিলারে তাই অনেকটা এভাবে বলা যায় যে অপুর বিপরীতে থাকবেন শাকিব খান। ‘রাজা হ্যান্ডসাম’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অপু থাকবেন বলে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে।
ছবিটি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘খুবই কঠিন আর অন্যরকম এক গল্প। দামি এক হীরের নেকলেস উদ্ধার নিয়ে দ্রুত গতির এ ধরনের বড়মাপের অ্যাকশন-থ্রিলার বাংলাদেশে এই প্রথম। ছবিতে আমার বিপরীতে আছেন শাকিব খান। প্রধান খলনায়কের চরিত্রে আহমেদ শরীফ। সাথে আছেন মিশা সওদাগর। এ ছাড়া আরও থাকছেন অমিত হাসান, আমির শিরাজীসহ আরও অনেকে।
আরও কজন শীর্ষস্থানীয় তারকার উপস্থিতি দর্শকদের চমক লাগাবে বলে গুঞ্জন চললেও প্রযোজক এখন পর্যন্ত টুঁ শব্দটি করেননি। ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। আরও ক’জন শীর্ষ তারকার চমক দেখানোর জন্যও প্রস্তুতি নিচ্ছেন।
