একটানা শুটিংয়ের রেকর্ড গড়ল ‘তারকাঁটা’

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২০:০৫
‘তারকাঁটা’ কার্যকরী হয় বাধা প্রদানের ক্ষেত্রে। কিন্তু নির্মাতা মোস্তফা কামাল রাজ তার সবচেয়ে রেকর্ড সময়েই দ্রুত এই ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। ঢাকার এফডিসি ফ্লোর থেকে শুরু করে সাভার, উত্তরা, নবাবপুর, নেত্রকোনায় শুটিং করলেন টানা একমাসেরও বেশি সময়। এখন অনেকটাই নির্ভার তিনি। তবে পরিকল্পনাগুলো আগে থেকেই গুছিয়ে রেখেছিলেন বলেই করতে পারলেন। মৌসুমী, আরেফিন শুভ আর মীমকে নিয়ে এই ছবিটি অনেকের ভেতরেই এরই মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছে। সর্বশেষ নেত্রকোনা ঢাকায় ফিরে এডিটিং প্যানেলে ধারণকৃত দৃশ্যগুলো এখন দেখছেন। নিজের ক্লান্তি ভুলেই আবারও ছবিটির সবকিছু গোছানোর ব্যাপারে উদ্যোমী হয়েছেন তিনি। মোস্তফা কামাল রাজ বলেন, ‘নির্মাতা তার প্রতিটি ছবির ব্যাপারেই আশাবাদী থাকে। তবে ‘তারকাঁটা’র অবস্থান ভিন্ন। এটা আমার অন্যরকম চ্যালেঞ্জ। ছবিটি শুটিং শুরু করার আগের প্ল্যানগুলো আমরা এতটাই গুছিয়ে রেখেছিলাম যে, আমরা শুটিং করার পর থেকে একটানা কোনো রকম ঝামেলা ছাড়াই শেষ করতে পেরেছি। আসলে এর পুরো কৃতিত্ব প্রডিউসারকে দিতে হয়। কোনো ডিরেক্টরের জন্য কোনো ছবি আটকে থাকে না। কারণ ডিরেক্টর ছবিটির মায়ের মতো। সন্তান সঠিক সময়ে ভুমিষ্ঠ করার জন্য প্রত্যেক নির্মাতা মুখিয়ে থাকে। আমাদের পক্ষ থেকে তাই অবহেলার প্রশ্ন আসে না। ‘তারকাঁটা’র সেই সুবিধা ছিল বলেই অনেক সাবলীলভাবে আমরা কাজটা করতে পেরেছি।’