বিশ্ব নারী দিবস অর্থাত্ গত ৮ মার্চে দ্বিতীয়বারের মতো ক্যানভাস আয়োজিত ‘ফ্রিডম-পারসোনা আজকের নারী’ সম্মাননা দেওয়া হয়েছে আট জন কীর্তিময়ী নারী ব্যক্তিত্বকে। বিকেলে তেজগাঁওয়ের এসিআই সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সিপিডির সিনিয়র ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌন্দর্য বিশেষজ্ঞ, ক্যানভাস সম্পাদক এবং পারসোনার ম্যানেজিং ডিরেক্টর কানিজ আলমাস খান, এসিআই সল্টের ম্যানেজিং ডিরেক্টর ও এসিআইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ আলমগীর, ক্যানভাসের নির্বাহী সম্পাদক শেখ সাইফুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানের জৌলুস বাড়িয়েছেন বিনোদন, সাংস্কৃতিক অঙ্গন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ‘ফ্রিডম-পারসোনা আজকের নারী’-এর এবারের সম্মানিতরা হলেন—জান্নাতুল মাওয়া (ফটোগ্রাফি), তামারা হাসান আবেদ (সমাজসেবা), নিশাত মজুমদার (স্পোর্টস), ফারজানা ওয়াহিদ সায়ান (সংগীত), মনোয়ারা হাকিম আলী (শিল্পোদ্যোগ), লিপি খন্দকার (ফ্যাশন), সাদিকা হাসান সেঁজুতি (তথ্যপ্রযুক্তি) ও সোনিয়া বশির কবির (করপোরেট)। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী।
