এক ছাদের নিচে বাংলাদেশের চিত্রকলার ইতিহাসের যে ধারাবাহিক পথচলা তা দেখার সুযোগ করে দিয়েছে শিল্পকলা একাডেমি। চারুকলা বিভাগের আয়োজনে চিত্রশালা গ্যালারিতে একাডেমী সংগৃহীত বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের শিল্পকর্মের পক্ষকালব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪টি কালজয়ী শিল্পকর্মসহ, পটুয়া কামরুল হাসান, শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ, শিল্পী এস এম সুলতান, শিল্পী মোঃ কিবরিয়া, শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, শিল্পী মুর্তজা বশীর, শিল্পী হাশেম খান, শিল্পী সমরজিত্ রায় চৌধুরী, শিল্পী রশীদ চৌধুরী, শিল্পী শফিকুল আমিন, শিল্পী আব্দুর রাজ্জাক, শিল্পী দেবদাস চক্রবর্তী, শিল্পী শাহাবুদ্দিন, শিল্পী মনিরুল ইসলামসহ বাংলাদেশের চারুশিল্প আন্দোলনে পথিকৃত শিল্পী এবং সমকালীন খ্যাতিমান প্রবীণ ও নবীন শিল্পীদের ৮১৬টি শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পাচ্ছে।
গতকাল রবিবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী এবং শিল্পী হাশেম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রদর্শনী আগামী ২৩ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
