নদী রক্ষা টাস্কফোর্সের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা একটি মহল

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২২:১১
দেশের নদ-নদী রক্ষায় গঠিত টাস্কফোর্সের নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, একটি মহল টাস্কফোর্সের বৈঠকে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নে নানা ধরনের জটিলতা সৃষ্টি করছে। সিদ্ধান্ত বাস্তবায়নে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন নেতারা। তারা বলেন, নইলে এক পর্যায়ে দেশের সব নদ-নদীই মরে যাবে। গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়। এসময় হবিগঞ্জের মাধবপুরের সোনাই নদীর প্রবাহ থেকে একটি কমপ্লেক্স অপসারণেরও দাবি জানানো হয়। বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের অনেকেই যখন নদী সংরক্ষণ ও পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, তখন সোনাই নদীর মধ্যখানে ভবন নির্মাণে একটি রাজনৈতিক শক্তির এই অন্যায় উদ্যোগে আমরা উদ্বিগ্ন। তিনি সোনাইসহ দেশের সব নদী দখলমুক্ত ও সংরক্ষণের জন্য সরকার ও সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান মাসুদ, বাপার যুগ্ম সম্পাদক স্থপতি শালমা এ শফি ও বাপা আইন সহায়তা উপকমিটির সদস্য সচিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার শাহরিয়ার শাকির বক্তব্য রাখেন।