আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের সম্মাননার নামে বিএনপি ভাওতাবাজি করছে। এটা গরু মেরে জুতা দান ছাড়া আর কিছুই নয়। কারণ তারা স্বাধীনতাবিরোধীদের সঙ্গে জোট করেছেন, তাদের সঙ্গে ক্ষমতায় গিয়েছিলেন। গতকাল রবিবার দুপুরে সেগুনবাগিচাস্থ বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু প্রজন্মলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগর সভাপতি চিত্ত রঞ্জন দাস, বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।
