আইসিসি’র টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের কোনো উদ্বোধনী অনুষ্ঠান নেই। তারপরও এ উপলক্ষে ‘কনসার্ট ফর বাংলাদেশ ক্রিকেট’ নামে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। মূলত সঙ্গীতানুষ্ঠানভিত্তিক হলেও এতে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ক্রিকেট ঐতিহ্য থাকবে খানিকটা। থাকবে লেজার শো ও থ্রিডি প্রজেকশন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৩ মার্চ বিকালে অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কনসার্ট সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার জন্য সেনাবাহিনীর দক্ষ লোকবল আয়োজকদের সহায়তা করছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ভারতের খ্যাতনামা সঙ্গীতকার এ আর রহমানের গান। তার সাথে ভারত থেকে আসছেন প্রায় দেড়শ শিল্পী। এদের মধ্যে থাকবেন নিতি, উদিত নারায়ণ, জাবেদ আলীসহ অনেক খ্যাতনামা সঙ্গীতজ্ঞ।
মার্কিন শিল্পী অ্যাকন আসছেন বাংলাদেশে তার ভক্তদের গান শোনাবেন। এদেশে অনেক দিন ধরেই এ আর রহমান আসতে চাইছিলেন। কিন্তু আয়োজন পছন্দ না হওয়ায় তিনি আসেননি বলে জানিয়েছে বাংলাদেশের ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান গ্রে এডভারটাইজিং সূত্র।
এবার তিনি আসছেন বিশ্বকাপ টি-টোয়েন্টির পাশাপাশি বৃহত্ একটি অনুষ্ঠান হতে যাচ্ছে বলে। জানা গেছে সাড়ে ৫ লাখ ডলার তার পারিশ্রমিক। কিন্তু সেটা কিছুটা কমিয়ে বাংলাদেশে আসবেন। এরই মধ্যে এ আর রহমানের নামে আগাম পারিশ্রমিকও পাঠানো হয়েছে। তাতেই তিনি বাংলাদেশে আসাটা নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
দর্শকদের জন্য অনুষ্ঠানের দিন বঙ্গবন্ধু স্টেডিয়াম বেলা দুইটায় খুলে দেয়া হবে। বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হবে। ব্যান্ড গ্রুপ অর্নব, সোলস, মাইলস, এলআরবি সঙ্গীত পরিবেশন করবে। এরপর জাতীয় সঙ্গীতের পর সিঙ্গাপুর থেকে আনা থ্রিডি প্রজেকশনের মাধ্যমে প্রায় তিন মিনিটের জন্য দেখানো হবে মুক্তিযুদ্ধের দিন এবং এদেশের ক্রিকেটের উঠে আসার গল্পটা। স্টেডিয়াম লাগোয়া ভবনের গায়ে ভেসে উঠবে থ্রিডি প্রজেকশনের তথ্যবহুল আয়োজন। থাকবে আতশবাজির আয়োজন।
ফুয়াদ আল মুকতাদির এবং কোনাল গাইবেন ক্রিকেটের জন্য তৈরি করা গান। দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করবেন। যাদের মধ্যে রয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিত্ এবং মমতাজ বেগম। সব শেষে মঞ্চে আসবেন এ আর রহমান। কমপক্ষে ২০টি গান গাওয়ার কথা রয়েছে তার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মশাল গেটের কাছে বিশার আকৃতির একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। এই মঞ্চের সামনে মাঠের উপরে বিছিয়ে দেয়া চেয়ারে বসবেন দর্শক। টি-টোয়েন্টি উপলক্ষে আয়োজিত কনসার্টের জন্য টিকিটের চড়া মূল্য নির্ধারণ করা হয়েছে। প্ল্যাটিনাম নামের প্রথম শ্রেণীর টিকিট মূল্য ৭৫ হাজার টাকা। এই অর্থে কেনা দর্শক মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করবেন। তারই পেছনে (গোল্ড) ৫০ হাজার টাকা, এর পেছনে (সিলভার) ২০ হাজার টাকা, তারও পেছনে (ব্রোঞ্জ) ১০ হাজার টাকা, ভিআইপি টিকিট ৫ হাজার টাকা এবং গ্যালারি টিকিট মূল্য ২ হাজার টাকা।
বাংলাদেশের কোনো সঙ্গীত আয়োজনে মাঠে মঞ্চের সামনে বসে এতো চড়া মূল্য দিয়ে টিকিট কিনে গান শোনার ঘটনা বিরল। তারপরও অনুষ্ঠান সংশ্লিষ্টরা মনে করছেন এদেশের সঙ্গীত প্রিয়দের সাড়া পাওয়া যাবে। টিকিট পাওয়া যাবে অনলাইনে। বুক মাই শো নামের প্রতিষ্ঠান টিকিট বাজারজাত করছে। এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান ক্রেডিট কার্ডের মাধ্যমে এবং কল সেন্টারে ফোন করে টিকিট পাওয়া যাবে।
অনলাইনের ঠিকানা ঃ
bd.bookmyshow.com/concerts/bcbcelebration2014/
