এশিয়া কাপ শেষ হতে না হতেই বেজে উঠলো টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। আর সেই উত্তাপের আঁচ লেগেছে চট্টগ্রামেও। ক্রিকেটের এই মহাযজ্ঞকে কেন্দ্র করে দুই ক্রিকেট ভেন্যু জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামকে নতুন করে সাজানো হয়েছে।
অংশগ্রহণকারী দলের ক্রিকেটাররা ইতিমধ্যে চট্টগ্রামে পা রাখতে শুরু করেছে। গতকাল সকালে ঢাকা থেকে আফগান দল এবং বিকালে নেদারল্যান্ড ক্রিকেট দল চট্টগ্রামে র্পৌঁছেছে। উভয় দলকে রাখা হয়েছে হোটেল পেনিনসুলায়। এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলকে বিধ্বস্তকারী দল আফগান রয়েছে ফুরফুরে মেজাজে। তারা গতকাল এসেই বিকালে অনুশীলন করেছে সাগরিকায় অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ। ‘এ’ গ্রুপের ম্যাচে খেলবে হংকং ও নেপাল। এরপর ১৮ মার্চ অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
আফগান, নেদারল্যান্ড দলের পাশাপাশি গতকাল হংকং ও জিম্বাবুয়ে দলও চট্টগ্রামে এসেছে। দল দুটিকে রাখা হয়েছে হোটেল আগ্রাবাদে। আজ সকালে এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন রয়েছে জিম্বাবুয়ে দলের।
পুলিশ, র্যাবসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী তাদের নজরদারী বৃদ্ধি করেছে। এরই মধ্যে শনিবার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের সামনে একটি মহড়া করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসন। আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে আসা দলগুলোর নিরাপত্তা বিধানে অভিজ্ঞ হলেও রুটিন ওয়ার্ক হিসাবে এমন মহড়ার আয়োজন করা হয়।
