আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার মনে করেন, এফএ কাপে শনিবার এভারটনের বিরুদ্ধে ৪-১ গোলের জয়টি বায়ার্ন মিউনিখের মাঠে যাওয়ার আগে তাদের মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে শিরোপাধারীদের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে থাকা গানার্সরা আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সফরের প্র্রাক্কালে ফরাসি কোচটি এই মত দেন। তিনি বলেন, ‘আজকের জয়টি আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। কেননা এটি আমাদের মনস্তাত্ত্বিক দিক থেকে স্বস্তিতে রাখবে। তাছাড়া এটি আমাদের ছন্দে রাখবে এবং একই আকাঙ্ক্ষা নিয়ে আমরা বায়ার্নে যাব। বায়ার্নের মাঠে পরিসংখ্যান আমাদের পক্ষে না থাকলেও আমরা পারফর্ম করার চেষ্টা করব এবং তারপর আমাদের নিকট সুযোগ আসতে পারে।’
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে আর্সেনালকে। কেননা নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এর আগে ২-০ ব্যবধানে হেরে ইতোমধ্যে পিছিয়ে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে গত আসরে একই ধরনের পরিস্থিতিতে বায়ার্নের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল আর্সেনাল। সেবার দ্বিতীয় লেগে তারা ২-০ ব্যবধানে জিততে পারলেও শেষ পর্যন্ত বিপক্ষের মাঠে দেয়া গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের।
এদিকে এফএ কাপের সেমিফাইনালের পথে টটেনহাম হটস্পার ও লিভারপুলের পর আর্সেনাল সর্বশেষ রবার্তো মার্টিনেজের দল এভারটনকে ৪-১ ব্যবধানে হারালো। ওল্ড ট্রাফোর্ডের দলটির পক্ষে অলিভার জেরুদ দুটি এবং মেসুত ওজিল ও মাইকেল আর্টেটা একটি করে গোল দেন। শিরোপাটি জিততে মরিয়া ওয়েঙ্গার।
