বার্সার অপ্রত্যাশিত হার

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২২:৩১
অবনমনের ঝুঁকিতে থাকা ভ্যালাদোলিদের কাছে ১-০ গোলে হেরে স্প্যানিশ লিগের শিরোপা ধরে রাখার চেষ্টায় বড় রকমের হোঁচট খেলো বার্সেলোনা। একই যাত্রায় ডেভিড ভিয়ার জোড়া গোলে সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে সাময়িকভাবে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ যদি গতকাল রবিবার রাতে নিজেদের মাঠে লেভান্তের বিরুদ্ধে জয়ী হয় সেক্ষেত্রে মাদ্রিদিস্তারাই এককভাবে লিগের শীর্ষে ঠাঁই নেবে। এ হারে বার্সেলোনা রিয়াল ও অ্যাটলেটিকোর চাইতে এক পয়েন্টে পিছিয়ে থাকে। তবে রিয়ালের হাতে ছিল লেভান্তের খেলাটি। বার্সেলোনা এ নিয়ে গত সাত ম্যাচে তৃতীয় পরাজয়ের বিস্বাদ নিল। ভ্যালাদোলিদের পক্ষে ১৭ মিনিটে জয়সূচক গোলটি করেন ইতালিয়ান ফাওস্টো রোসি। এই জয়ে ভ্যালাদোলিদ শেষ মুহূর্তে অবনমনের খড়গ থেকে কিছুটা হলেও মুক্ত হলো। এবারের মৌসুমে দলটি মাত্র পাঁচ ম্যাচে জয়ী হয়েছে। ভ্যালাদোলিদের এ জয়টিতে অবদান ছিল তাদের গোলরক্ষক দিয়েগো মারিনোর। কেননা তিনি লিওনেল মেসির একাধিক আক্রমণ রুখে দিয়েছেন। তাছাড়া নেইমার দ্বিতীয়ার্ধে সেরা একটি সুযোগ নষ্ট করে। দ্বিতীয়ার্ধে ফাঁকায় দাঁড়িয়ে বল পেলেও তিনি তা পোস্টের উপর দিয়ে উড়িয়ে মারেন। কোচ জেরার্ডো মার্টিনো খেলা শেষে বলেন, ‘আজ (শনিবার রাত) আমরা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারিনি। বলের আদান-প্রদান এবং নিজেদের অবস্থানগুলোয় আমরা সঠিক ছিলাম না। আমাদের পরিকল্পনাতেও ঘাটতি ছিল। একইসাথে আমি দলের মধ্যে জয়ের মানসিকতা দেখতে পাইনি।’ এই হারের পর একটি বিষয় অন্তত স্পষ্ট। সেটি হলো শিরোপা ধরে রাখতে হলে দুই সপ্তাহ পর রিয়াল মাদ্রিদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠেয় মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে স্বাগতিকদের অবশ্যই হারাতে হবে কাতালানদের। এছাড়া চারদিন পর রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ ১৬র ফিরতি লেগের খেলাটিও। তাই মার্টিনো মনে করেন, নিজেদের সেরা ফর্ম প্রমাণ করতে এখনো তার দলকে লম্বা পথ পাড়ি দিতে হবে। আর্জেন্টাইন এই কোচ আরো বলেন, এটা স্পষ্ট যে এই মুহূর্তে আমরা নিজেদের সেরা ফর্মে নেই; কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে আমাদের সেই ফর্ম অবশ্যই ফিরে পেতে হবে। যদিও সেই ম্যাচের আগে এখনো ১৫ দিন সময় বাকি আছে। তাই আমি মনে করি, এই সময়ের মধ্যে তা অর্জন করা সম্ভব। এই মুহূর্তে আমাদের চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবতে হবে। আজ আমরা মোটেই ভাল খেলিনি। আশা করছি, বুধবার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে আমরা ঘাটতিগুলো কাটিয়ে উঠতে পারবো।’ সপ্তাহের মাঝামাঝিতে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের কারণে দলের বেশিরভাগ খেলোয়াড় জাতীয় দলের দায়িত্ব পালনে ব্যস্ত থাকলেও মার্টিনো চেষ্টা করেছেন যথাসম্ভব শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে। মূল একাদশে শুধু ছিলেন না জোর্ডি আলবা এবং আন্দ্রেস ইনিয়েস্তা। খেলার শুরুতেই পাল্টা আক্রমণ থেকে লিওনেল মেসির একটি প্রচেষ্টা ভণ্ডুল করে দেন ভ্যালাদোলিদের গোলরক্ষক দিয়েগো মারিনো; কিন্তু কিছুক্ষণ পরেই দুইজন বার্সা ডিফেন্ডারের মাঝ দিয়ে রোসি লিগে নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপরই খেলাটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। যদিও প্রথমার্ধ শেষ হবার আগে মেসির দুইটি এবং সেসক ফ্যাব্রেগাসের একটি সুযোগ মারিনো রক্ষা না করলে অতিথিরা হয়তো তখনই এগিয়ে যেতে পারতো। বিরতির তিন মিনিট পরে আবারো মেসির একটি শট মারিনোর খুব কাছ দিয়ে পোস্টের বাইরে চলে যায়। দিনের অপর ম্যাচে স্প্যানিশ তারকা ডেভিড ভিয়ার দুই গোলে অ্যাটলেটিকো বিপক্ষের মাঠে ২-০ গোলের জয় নিয়েই বাড়ি ফেরে। গোলশূন্য প্রথমার্ধের পর ৬২ ও ৬৪ মিনিটে দুই গোল করে ভিয়া দলের জয় নিশ্চিত করেন। এই নিয়ে চলতি মৌসুমে ১৫টি গোল করলেন ভিয়া। -বাসস/এএফপি