ডিএসই’র লেনদেন ২১ ভাগ কমেছে

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২০:১৭
গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪০১ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় প্রায় সাড়ে ২১ ভাগ কম। এদিকে ডিএসই’র লেনদেনে আগের দিনের মতোই ফার্মাসিউটিক্যালস ও বস্ত্র খাতের প্রাধান্য ছিল। এ দুই খাতে লেনদেন হয়েছে ১১১ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের ২৮ ভাগ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪০১ কোটি ৭৬ লাখ ২৬ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ১০৯ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৯১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের। এদিকে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডের আইপিওর ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে আইডিএলসি ইনভেস্টমেন্টস্ লিমিটেড। আইপিওর মাধ্যমে মূলধন বৃদ্ধি করার উদ্দেশ্যে সম্প্রতি আইডিএলসি’র সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে বেঙ্গল পলি অ্যান্ড পেপার কর্তৃপক্ষ। বেঙ্গল গ্রুপের এ প্রতিষ্ঠানটি সিমেন্ট, খাদ্যশস্য এবং পোল্ট্রি ফিড শিল্পে বহুল ব্যবহূত পলিপ্রোপাইলিন ওভেন ব্যাগ প্রস্তুত করে। বেঙ্গলের পরিচালক জসিম উদ্দিন ও আইডিএলসি’র এমডি মো. মনিরুজ্জামান উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।