এবার নতুন শুরুর পালা

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:১৩
সামনে কোচ দাঁড়িয়ে দুই হাত লম্বা করে দিয়ে কিছু একটা বোঝাচ্ছেন। কোচের হাতের দিকে চোখ রেখে, চোয়াল শক্ত করে পাশাপাশি দাঁড়িয়ে দেখছেন বাংলাদেশ দলের পনেরো জন ক্রিকেটার। অনুশীলনে এমন দৃশ্য রোজই দু’একবার চোখে পড়ে। কিন্তু গতকাল অনেকদিন পর জাতীয় দলের সব ক্রিকেটারকে সুস্থ অবস্থায় এভাবে পাশাপাশি শক্ত চোয়াল করে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাত্ সিনেমার দৃশ্য বলে মনে হলো। মনে হলো, লম্বা কোনো চ্যালেঞ্জ নিতে অনেক বিপত্তি এড়িয়ে বুঝি এক হয়েছেন এক দল ক্রিকেটার। যেন নতুন এক অভিযানের প্রস্তুতি নিচ্ছেন একদল যোদ্ধা! অভিযানটাকে ঠিক ‘নতুন’ বলা যাবে না। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেই শুরু থেকেই খেলছে বাংলাদেশ। কিন্তু আইসিসির বৃহত্তম এই ক্রিকেট আসর এবার দেশের মাটিতে বলে অভিযানটায় একটা ‘নতুন-নতুন’ ব্যাপার আছে বৈকী! গতকালই সেই বিশ্বকাপ উপলক্ষে অনুশীলন শুরু করে অভিযানের আনুষ্ঠানিক সূচনা ঘটিয়ে ফেললো বাংলাদেশ দল। এর আগের দিনই স্বাগতিক অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলন করে আসলে সূচনাটা করে গেছেন মুশফিকুর রহিম। আর গতকাল সকালে আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান ও নাসির হোসেন ‘ওপেন সেশনে’ লম্বা সময় ধরে সাংবাদিকদের সঙ্গে বেশ ঘরোয়া কথাবার্তা বলে শুরু করে দিলেন আনুষ্ঠানিকতার শেষ পর্বও। এখন অপেক্ষা শুধু মাঠে খেলা গড়ানোর। খেলোয়াড়দের কথাবার্তায় বেশ বোঝা গেল, তারা এই মাঠে খেলা গড়ানোর সময়টার জন্যই মুখিয়ে আছেন। গতকাল সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, নাসির হোসেনদের কথাবার্তায় অন্তত তাই মনে হলো। ঘটনাচক্রে বাংলাদেশ হঠাত্ করে অনভ্যস্ত একটা বাজে সময় পার করছে মাঠে ও মাঠের বাইরে। আগের বছর দুই ধরে দেশের মাটিতে এবং বাইরেও নিয়মিত জয় পেতে থাকা বাংলাদেশ ২০১৪ সালের শুরু থেকে এ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপে কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি। এর হাত ধরাধরি করে এসেছে দলের তারকা খেলোয়াড়দের ইনজুরি, কিছু অশোভন আচরণ এবং কিছু কোন্দলের আভাস। সবমিলিয়ে একটু বিপর্যস্ত অবস্থা ছিল বৈকি। কিন্তু খেলোয়াড়রা মোটামুটি সবাই একবাক্যে বলছেন, ওই অবস্থাটা অতীত হয়ে গেছে। তারা বাজে সময়টা পেছনে ফেলে এখন সামনে তাকানোর সব প্রস্তুতিই নিয়ে ফেলেছেন। নাসির হোসেন যেমন বলছিলেন, ‘আমি ভালোটা অনেকদিন মনে রাখি, খারাপটা নয়। দলের সবাইও খারাপ এই সময়টা ভুলে যাচ্ছে।’ সেরা কথাটা বললেন রাজ্জাক। একটু বিমর্ষ হাসি হেসেই বললেন, ‘অনির্দিষ্টকাল ধরে তো আর খারাপ সময় চলতে পারে না। সবকিছুর শেষ আছে। খারাপ সময় নিশ্চয়ই শেষ হয়ে গেছে। এবার ভালো কিছু শুরুর পালা।’ আহ্, রাজ্জাক। এই ভালো শুরুর দিকেই যে তাকিয়ে আছে গোটা দেশ।