খুব আগের কথা নয়, যখন প্রায় নিয়মিত তার ব্যাটে স্নায়ুচাপের ম্যাচে জিতে যেত বাংলাদেশ। কিন্তু সেই সময় এখন অতীত। শ্রীলঙ্কা সিরিজের শুরু থেকে ব্যাটে রান নেই। সাথে ক্যাচ মিস আর শরীরিভাষা মিলিয়ে নাসির হোসেনকে খুঁজে পাওয়াই কষ্টকর হয়ে উঠছিল। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই সব হতাশা ধুয়ে মুছে ফেলতে চান এই ক্রিকেটার।
নিয়মিত পারফরম করতে না পারায় আরও অনেকের সাথে সমালোচনার আঙ্গুল উঠেছে নাসির হোসেনের দিকেও। একটা ভাল ইনিংসেই সব সমস্যার সমাধান দেখছেন নাসির, ‘আগে সবাই বলতো সব সময় মাথা ঠান্ডা রাখে। হাসি খুশি থাকে। তাই ব্যাটে রান আসে। এখন সেটাতেই সমস্যা খুঁজে পাচ্ছে সবাই। একটা ভাল ইনিংস আসলেই আবারও সব ঠিক হয়ে যাবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই আবার ফর্মে ফেরার আশার কথা জানালেন এই ব্যাটসম্যান, ‘ইদানিং পারফরম করতে সমস্যা হচ্ছে, হ্যাঁ। সবসময় তো আর হয় না। মানুষের সময় খারাপ যেতে পারে। আমি মনে করি, তিন-চারটা ম্যাচে এরকম হতেই পারে। আশা করি সামনের ম্যাচগুলোতে ভালো হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই আবারও ফর্মে ফিরতে চাই।’
গত রবিবার থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। অনুশীলনে ব্যাটিং নিয়ে আলাদা করে কাজ করার কথা জানালেন নাসির, ‘ব্যাটিং নিয়ে অবশ্যই কিছু কাজ করবো। পাওয়ার হিটিং, বাউন্স খেলা এসব নিয়ে কাজ করবো। আর প্রতি বলে বলে রান নেয়ার চেষ্টা করবো। নেটে একটু বেশি সময় দেবো।’
পারফরম করার জন্য তাই আকাশ সমান একটা চাপ কাজ করছে নাসির হোসেনের উপর। কিন্তু চাপ নিয়ে মোটেই মাথা ঘামাচ্ছেন না তিনি, ‘সব খেলাই চ্যালেঞ্জিং। টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে আপনি যদি উপভোগ না করেন তবে ভালো করতে পারবেন না। খেলাটাকে খেলা হিসেবে নিলে সহজ হবে। চাপ হিসেবে নিলে খারাপ হবে।’
সামপ্রতিক সময়ের পারফরম্যান্স যাই বলুক না কেন পরিসংখ্যান বলছে যেকোন ফরম্যাটেই বাংলাদেশের জন্য অপরিহার্য নাসির। নিজেও সবগুলো ফরম্যাটই উপভোগ করছেন বলে জানিয়েছেন, ‘টি-টোয়েন্টি অবশ্য পাওয়ার ক্রিকেট। যাদের শক্তি বেশি থাকে। তারপরও টি-টোয়েন্টিতে আমার মনে হয় মাথা ঠান্ডা রাখতে হয়। বলের চেয়ে বেশি রান করতে হয়। আমি মনে করি, আমি সব খেলাই উপভোগ করি।’
তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর ব্যাটিং তারকা বলতে যা বোঝায়, সমর্থকদের দৃষ্টিতে নাসির হোসেন ঠিক তাই। দ্রুতই আবারও পুরনো রূপে ফিরে আসার প্রত্যাশা করছেন এই ক্রিকেটারও, ‘আমি চেষ্টা করতেছি। কয়েকটা ম্যাচ বাজে হয়েছে। আমি যে জায়গায় ব্যাটিং করি, সেখানে খুব একটা সময় পাওয়া যায় না। প্রতি বলে বলে রান করতে হয়। এখন হচ্ছে না। ইনশাল্লাহ হবে।’
নাসির ও বাংলাদেশের সব দৃষ্টিই এখন কেবল আফগানিস্তানের বিপক্ষে শুরুর ম্যাচটিকে ঘিরে, ‘আফগানিস্তান নিয়েই ফোকাস। সবার মাথায় আছে ১৬ তারিখ আফগানিস্তানের খেলা। সেটা জিতে পরে অন্য ম্যাচ।’
প্রথম ম্যাচটা জিতলেই সব ঠিক হয়ে যাবে বলে মনে করছেন নাসির, ‘খেলা এনজয় করছি। রেজাল্ট আসছে না। আপনি দেখেন, শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি যদি জিততাম, পাকিস্তানের বিরুদ্ধে জিততাম তাহলে দলের চেহারা অন্যরকম থাকতো। এখন কেবল একটা জয় দরকার।’
আগের দিন অধিনায়ক আফগানিস্তানের বিপক্ষে প্রতিশোধ নেবার কথা জানালেও নাসির প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবছেন না, ‘আফগানিস্তান নিয়ে চিন্তা করতে হলে সমস্যা। ওরাও খেলতে আসছে। আমরাও খেলতে আসছি। আমাদের আত্মবিশ্বাস আছে টি-টোয়েন্টিতে ওরা আমাদের ধারে কাছেও ঘেঁষতে পারবে না।’
