ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ তেহরান সফররত ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোনকে বলেছেন, পরমাণু চুক্তি হতে পারে আগামী চার মাসেই। আস্টোনের সঙ্গে একঘন্টারও বেশি সময় আলাপের পরন জারিফ বলেন, “আমরা চার থেকে ৫ মাস কিংবা আরো কম সময়েই এটি করতে পারি”। আস্টোন তবে সতর্ক করে দিয়ে বলেন, “তার আলোচনা যে কোনো পূর্ণাঙ্গ চুক্তি পথে আগাবে তেমন কোনো নিশ্চয়তা নেই”।
পশ্চিমা বিশ্ব চায় ইরান তার সন্দেহজনক পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসুক। গতবছর ইরানে মধ্যপন্থি হাসান রুহানি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দেশটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্কোন্নতি হয়েছে। গত নভেম্বরে ব্যারোনেস আস্টোনের উদ্যোগে ইরানে কিছু নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে পরমাণু কর্মসূচি কমানোর চুক্তি হয়।
রবিবার আস্টোনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জারিফ বলেন, “ইরান ভাল আস্থা এবং রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে। আমরা আমাদের দিক থেকে যা করার করেছি। এখন বিষয়টি নির্ভর করছে অপর পক্ষের ওপর... সদিচ্ছা নিয়ে আলোচনার টেবিলে বসে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য একটি চুক্তিতে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়া এবং প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার ওপর”। তবে আস্টোন বলেন, “ইরানের এই অন্তর্বর্্তী সরকার গুরুত্বপূর্ণ হলেও পূর্ণাঙ্গ একটি চুক্তি হওয়ার মতো অতটা গুরুত্বপূর্ণ নয়। এ চুক্তি হওয়া খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং। এ প্রচেষ্টা সফল হওয়ার নিশ্চয়তা নেই”। এ ব্যাপারে সব পক্ষ থেকে সমর্থন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
