উত্তর কোরিয়ার পতাকাবাহী একটি ট্যাঙ্কারে লিবিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকা থেকে তেল ভরা বন্ধ করতে রবিবার সেনাবাহিনীকে শক্তি প্রয়োগের অনুমোদন দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাত্র একদিন আগে গত শনিবার বিদ্রোহীদের কাছ থেকে তেল কেনার চেষ্টা করলে উত্তর কোরিয়ার ট্যাঙ্কারটিকে বোমা মেরে ধ্বংস করার হুমকি দিয়েছিল লিবিয়া।
অধিকতর স্বায়ত্তশাসন দাবিতে গত আগস্ট থেকে তেলসমৃদ্ধ লিবিয়ার তিনটি সমুদ্রবন্দরের দখল করে আছে একটি বিদ্রোহী গোষ্ঠী। লিবিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এস সিদার বন্দরে নোঙর করে উত্তর কোরিয়ার ট্যাঙ্কারটিতে শনিবার রাত থেকে অপরিশোধিত তেল ভরা শুরু হয়েছে। স্থানীয় পত্রিকায় আল-ওয়াসাত বলেছে, ট্যাঙ্কারটিতে ৩৬ মিলিয়ন ডলারের তেল ভরা হয়েছে।
লিবিয়ার স্থানীয় টেলিভিশনে শনিবার প্রধানমন্ত্রী আলী জেঈদানের বক্তব্য প্রচার করা হয়। এতে তিনি বলেন, উত্তর কোরিয়ার ট্যাঙ্কারটি বন্দর ত্যাগের বিষয়ে সরকারের নির্দেশ না মানলে বোমা হামলার শিকার হবে। অপরদিকে, ত্রিপোলি কর্তৃপক্ষকে এ ধরনের আক্রমণ চালানোর বিরুদ্ধে হুঁশিয়ার দিয়েছে বিদ্রোহীরা। হামলা হলে পাল্টা জবাব দেয়া হবে বলে সাবধান করেন বিদ্রোহী নেতা ও স্বঘোষিত প্রধানমন্ত্রী আব রাব্বু আল বারাসি।
বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন একটি স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখানো হয়, প্রথমবারের মতো তেল বিক্রি করতে পেরে বিদ্রোহীরা আনন্দ-আয়োজন করছে। একটি উট জবাই করে উত্সব করতে দেখা গেছে তাদের। এস সিদার বন্দরের ওই আনন্দ অনুষ্ঠানের পাশেই উত্তর কোরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কারটিকেও দেখা যায়।
