সংবাদ কণিকা

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:২২
‘মাছি খেয়ে ৩ সপ্তাহ’ জার্মানির এক পর্যটক অস্ট্রেলিয়ার জনবিরল অঞ্চলে ঘুরতে ঘুরতে হারিয়ে গিয়েছিলেন। সেখানে কোন খাবার না পেয়ে শেষ পর্যন্ত মাছি খেয়ে জীবনধারণ করেন। তিন সপ্তাহ এভাবে বেঁচে থাকার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়। ২৬ বছর বয়সী দানিয়েল দুজিস চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি কুইন্সল্যান্ডের পশ্চিম মধ্যাঞ্চলে ঘুরতে গিয়ে হারিয়ে যান। বৃহস্পতিবার তাকে এক মটরসাইকেল আরোহী উদ্ধার করে নিয়ে আসেন। পুলিশ জানিয়েছে, দুজিস নিরাপদ ও সুস্থ রয়েছেন। চলাফেরার মতো প্রয়োজনীয় শক্তিও তার রয়েছে। — বিবিসি ভারতে সাবমেরিন ইয়ার্ডে দুর্ঘটনা ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্রে নিউক্লিয়ার সাবমেরিন নির্মাণকালে এক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। চলতি মাসে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে সম্পর্কিত তৃতীয় দুর্ঘটনার ঘটনা এটি। শনিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম বন্দরের একটি জাহাজ নির্মাণ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।—রয়টার্স ‘বেআইনি শিকার শরিয়ত বিরোধী’ বেআইনি শিকার ও বন্যপ্রাণীর চোরাচালানকে শরিয়ত বিরোধী বলে ফতোয়া জারি করেছে ইন্দোনেশিয়ার ইসলাম ধর্মীয় সর্বোচ্চ পরিষদ। ধর্মীয় এই আদেশে ইন্দোনেশিয়ার বিপন্ন প্রাণীগুলোকে রক্ষা, তাদের আবাসভূমি সংরক্ষণ ও এসব প্রাণী নিয়ে অবৈধ বাণিজ্য রোধ করার কথা বলা হয়েছে। ধর্মীয় পরিষদের এক মুখপাত্র বলেছেন, “লোকজন সরকারি বিধিনিষেধ অমান্য করে পার পেয়ে যেতে পারে কিন্তু আল্লাহর আদেশ থেকে পার পাবে না।”এই ফতোয়াটি ইন্দোনেশিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সহযোগী আদেশ হিসেবে কাজ করবে। — বিবিসি