দুইজন ডাক্তার দিয়ে চলছে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:২৯
মাত্র দুইজন ডাক্তার দিয়ে চলছে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র। আড়াই বছর পূর্বে ৩০ শয্যার এই স্বাস্থ্য কেন্দ্রটি ৫০ শয্যায় রুপান্তরিত করা হলেও লোকবলের অভাবে চালু হয়নি অপারেশন থিয়েটার। এক্সরে মেশিন থাকলেও এই মুহূর্তে তা অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। বাঘা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান (টিএইচএ) ডাঃ নুরুল ইসলাম জানান, উপজেলায় কমিউনিটি ক্লিনিকসহ ৫০ শয্যা চালু করার জন্য ২৫ জন ডাক্তার প্রয়োজন। সে দিক থেকে এখানে নিয়োগ দেয়া হয়েছিল ১৫ জন। কিন্তু বর্তমানে এখানে কর্মরত আছে মাত্র ৫ জন। এর মধ্যে একজন ডেপুটিশন এবং দুইজন অপারেশনের ডাক্তার হওয়ায় তারা কোন রোগী দেখে না। ফলে তিনিসহ একজন ডাক্তার দিয়ে চলছে স্বাস্থ্য কেন্দ্র। অপরদিকে ১৫ জন নার্স থাকার কথা থাকলেও এখানে কর্মরত আছে মাত্র ৭ জন। একই অবস্থা অন্যান্য পদে। আর এ কারণে চালু করা সম্ভব হচ্ছে না ৫০ শয্যার হাসপাতাল। স্থানীয়রা জানান, এখানে ডাক্তার নিয়োগ দেয়া হলেও প্রভাব খাটিয়ে তারা অন্যত্র বদলি হয়ে চলে যায়। এতে করে মারাত্মক বিড়ম্বনা ও হয়রানির শিকার হন এ অঞ্চলের রোগীরা।