টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সচিবসহ তিনজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে প্রায় সাড়ে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
যাদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়েছে তারা হলেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সচিব মুন্সী সাজ্জাদ হোসেন, স্টোর অফিসার মো. জাহাঙ্গীর আলম ও পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান যুথি নিপুণ ভাইবোন ট্রের্ডাসের স্বত্বাধিকারী হাসিনা বেগম।
দুদক সূত্র জানায়, ২০১১-১২ অর্থ বছরে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং আওতাধীন অ্যাজমা সেন্টারে চাহিদার পরিপ্রেক্ষিতে খাদ্য দ্রব্যাদি ও বিবিধ দ্রব্যাদি সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়। সেখানে মেসার্স যুথি নিপুণ ভাইবোন ট্রেডার্স পণ্য সরবরাহের দায়িত্ব পায়। আসামিদের যোগসাজসে দরপত্রের সিডিউল পরিবর্তন করে অধিক দর দেখিয়ে নতুন তালিকা তৈরি করার মাধ্যমে প্রয়োজনীয় অর্থের অতিরিক্ত মোট ১০ লাখ ১৯ হাজার ৩৪৬ দশমিক ৬০ টাকা উত্তোলনপূর্বক আত্মসাত্ কর?া হয়।
সূত্র আরো জানায়, নতুন তালিকায় চালের দাম ৩৭ টাকার স্থলে ৫১ টাকা, মশুর ডাল ৮৮ টাকার স্থলে ১০৫ টাকা, সোয়াবিন তেল লিটার প্রতি ১১৬ টাকার স্থলে ১২৫ টাকা, গুঁড়া দুধ ৫৪৮ টাকার স্থলে ৬০০ টাকা এবং তরল দুধের দাম ৬০ টাকার স্থলে ৭০ টাকা দেখিয়ে ওই অর্থ আত্মসাত্ করা হয়েছে।
উল্লেখ্য, দুদক উপ-পরিচালক ডা. মো. নূরুল হকের নেতৃত্বে ৪ সদস্যের প্রাতিষ্ঠানিক টিম এ দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছেন।
