নারী বন্দীদের পৃথক ভ্যানে পরিবহনের নির্দেশ

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:৩৪
যৌন হয়রানি রোধে নারী বন্দীদের পৃথক প্রিজন ভ্যানে পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি ও কারা মহাপরিদর্শককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এছাড়া দেশব্যাপী নারী বন্দীদের পরিবহনের সময় যৌন হয়রানি রোধে পৃথক প্রিজন ভ্যানের ব্যবস্থা নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, কারা মহাপরিদর্শক, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৯ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘প্রিজন ভ্যানে হেনস্তা হচ্ছেন নারী বন্দীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, “প্রিজন ভ্যানে আদালতে যাতায়াতের সময় পুরুষ বন্দীরা কটূক্তি করেন, অশোভন আগ্রহ প্রকাশ করেন। কখনো গায়ের ওপর হেলে পড়েন। প্রতিবাদ করে কোনো লাভ হয় না। পুলিশ সদস্যরা দেখেও যেন দেখেন না। আদালতে হাজিরা দিতে এসে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক নারী বন্দী এভাবেই নিজের হেনস্তার কথা বললেন। ওই নারী বন্দীর অভিযোগ, তার মতো আরো অনেক নারী বন্দী প্রিজন ভ্যানে পুরুষের সঙ্গে আদালতে যাতায়াত করতে গিয়ে নিপীড়নের শিকার হচ্ছেন; কিন্তু সামাজিক অবস্থার কারণে তারা কোনো অভিযোগ করতে পারছেন না। এই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।