সরকারি আইনগত সহায়তা প্রদান আইনটি দরিদ্র এবং নারীবান্ধব। এডিস দগ্ধ নারী, শিশু,অসচ্ছল বিধবা, প্রতিবন্ধী নারী মামলায় জড়িয়ে পড়লে তারা জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির মাধ্যমে আইন সহায়তা পাবেন। সোমবার ব্র্যাক সেন্টার ইন-এ আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘সুপ্রিম কোর্টে সরকারি আইন সহায়তা: প্রেক্ষিত আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর সাম্প্রতিক সংশোধনী’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।
সভায় উপস্থিত ছিলেন মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
সভায় বক্তারা বলেন, ইতোমধ্যে আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ এর সংশোধন হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টে আইনগত সহায়তা কমিটি গঠনের বিষয়টি যুক্ত হয়েছে। সংশোধিত আইনে ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে, যার প্রয়োগ হলে নারী ও দরিদ্র মানুষের জন্য এটি সুফল বয়ে আনবে।
