আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন বলেছেন, খালেদা জিয়া উন্মাদ হয়ে রুচিহীন কথা বলছেন। সোমবার সেগুনবাগিচাস্থ খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুল জলিল’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘গোলাপী নয়, গোপালী ট্রেন মিস করেছেন, তাকে এখন ক্রেন দিয়ে ট্রেনে ওঠাতে হবে’ মর্মে সম্প্রতি বিএনপি নেত্রী খালেদা জিয়ার দেয়া বক্তব্যের সমালোচনা করে নূহ-উল-আলম লেনিন বলেন, নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া তাল হারিয়ে ফেলেছেন। তিনি বলেন, শেখ হাসিনার প্রস্তাবে বিএনপির অধিকাংশ নেতা নির্বাচনে আসতে প্রস্তুত ছিলেন। শুধু খালেদা জিয়া ও জামায়াত রাজি ছিলেন না। জামায়াত নিষিদ্ধ কারণে নির্বাচনে আসতে পারবে না বলেই উনি নির্বাচন বর্জন করলেন।
তিনি বলেন, জনগণ নির্বাচন চায় বলে ও নিজ দলের বিদ্রোহী ঠেকাতে বিএনপি উপজেলা নির্বাচনে আসতে বাধ্য হয়েছে।
সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের হারুন চৌধুরী, হুমায়ুন কাবির মিজি প্রমুখ।
