জালিয়াতির দুই মামলায় দুদকের চার্জশিট

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:৩৭
বাংলাদেশ কৃষি ব্যাংকের চট্টগ্রাম শাখা থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় মেসার্স সোলার সিন্ডিকেটের মালিক ফরহাদ হোসেনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে। উল্লেখ্য, এ ঘটনায় ১৯৯৯ সালের ৩০ ডিসেম্বর চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলা করা হয়। দুদক সূত্র জানায়, বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম থেকে ৫০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাত্ করেন চট্টগ্রামের মেসার্স সোলার সিন্ডিকেটের মালিক ফরহাদ হোসেন। দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হয়েছে। শিগগিরই মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য চার্জশিট আদালতে পাঠানো হবে। অন্যদিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত মাগুরা জেলার সমবায় সমিতির টাকা আত্মসাত্ করার অভিযোগে দায়েরকৃত মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় বিআরডিবি’র দুই কর্মকর্তাসহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন বিআরডিবির শ্রীপুর জেলার সাবেক উপ-প্রকল্প কর্মকর্তা অতুল চন্দ্র শীল (বর্তমানে অবসরপ্রাপ্ত), সাবেক উপজেলা প্রকল্প কর্মকর্তা বেগম মাহবুবা আহমেদ (বর্তমানে চাকরিচ্যুত) ও সাবেক মাঠ সংগঠক মো. মোস্তফা কামাল পাশা (বর্তমানে চাকরিচ্যুত)। দুদক সূত্র জানায়, আসামিরা মাগুরার শ্রীপুর উপজেলার ৯টি সমবায় সমিতিকে দেয়া ঋণের মোট এক লাখ ৫৬ হাজার ৬৬৭ টাকা আদায় করে ব্যাংকে জমা না দিয়ে আত্মসাত্ করেন। এর মধ্যে আসল ৮১ হাজার ৪৬৭ টাকা এবং সুদ ৭৫ হাজার ৯০ টাকা। এ ঘটনায় ২০০২ সালের ৬ মে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছিল।