গুলশানে ইমপ্রেস গ্রুপের অফিসে চুরি

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:৩৭
রাজধানীর গুলশান নিকেতনে ইমপ্রেস গ্রুপের অফিসে চুরি হয়েছে। রবিবার গভীর রাতে অফিসের জানালার গ্রিল কেটে চোর প্রবেশ করে ৯ লাখ ৮৫ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ ফাইল চুরি করেছে। এ ঘটনায় ইমপ্রেস গ্রুপের বাণিজ্যিক কর্মকর্তা রেজাউল করিম বাদী হয়ে গুলশান থানায় একটি চুরির মামলা করেছেন। মামলার অভিযোগে বলা হয়, গুলশান নিকেতনের ডি ব্লকের ৮ নম্বর রোডের ৪২ নম্বর বাড়ির ৫ম তলায় ইমপ্রেস গ্রুপের অফিস। সোমবার সকালে অফিসের কর্মকর্তারা গিয়ে দেখেন, প্রতিটি ফাইল কেবিনেট ও টেবিলের ড্রয়ার ভাঙ্গা। অফিসের ফাইল এলোমেলো করা হয়েছে। চার কক্ষের ঐ অফিসের জানালার গ্রীলও কাটা। ঘটনার পর কর্মকর্তারা পরীক্ষা করে দেখেন যে, অফিসের ৪টি ড্রয়ারে রাখা ৯ লাখ ৮৫ হাজার টাকা চুরি হয়েছে। এছাড়া চ্যানেল আইয়ের নামে রাখা কয়েকটি এফডিআরের রশিদ ও গুরত্বপূর্ণ ফাইল চুরি হয়েছে। এ ঘটনার পর পুলিশ ঐ ভবনের নিরাপত্তা কর্মী মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।