স্যামুয়েলসের নৈপুণ্যে ইংল্যান্ডকে হারালো ওয়েষ্ট ইন্ডিজ

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২২:০৮
মারলন স্যামুয়েলসের দুর্দান্ত এক প্রত্যাবর্তনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রবিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ইংল্যান্ডকে ২৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের ধাক্কা সামলে স্বল্প সময়ের মধ্যেই জয়ের ধারায় ফিরলো টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা। প্রায় দেড় বছর আগে কলম্বোতে গত টি-২০ বিশ্ব কাপের ফাইনালে স্বাগতিক শ্রীলংকাকে হারিয়ে ক্যারিবীয় দলের শিরোপা জয়ের নায়ক মারলন স্যামুয়েলসের অপরাজিত ৬৯ রানের সুবাদে ওয়েষ্ট ইন্ডিজ দল ৩ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। কানায় কানায় দর্শক পূর্ণ ম্যাচে ব্যাটের পর বল হাতেও সাফল্য পান স্যামুয়েলস। ডানহাতি অফস্পিনে দুই উইকেট শিকার করেন তিনি। আর এই অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি। স্পিনার স্যামুয়েল বদ্রি ইনিংসের শুরুতেই তিন উইকেট শিকার করে সফরকারি দলকে ব্যাকফুটে ঠেলে দিলেও টিম ব্রেসনান (অপরাজিত ৪৭) এবং রবি বোপারার বদৌলতে ইংল্যান্ড ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সক্ষম হয়। ইংল্যান্ড অধিনায়ক স্টুয়ার্ট ব্রড বলেন, ‘আজ আমরা ভাল খেলতে পারিনি। তবে আপনাকে যখন বড় রান তাড়া করতে হয় তখন টি-টোয়েন্টিতে এটাই স্বাভাবিক। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’ হাঁটুর পুরনো ইনজুরির কারণে আগামীকাল ও বৃহস্পতিবার সিরিজের বাকি দুই ম্যাচে হয়তো খেলতে পারবেন না বলে জানান ব্রড। এ ম্যাচে জয়ের ফলে বাংলাদেশে আসন্ন টি-২০ বিশ্ব কাপে অংশ গ্রহণকারী দলগুলোকেও শিরোপা অক্ষুণ্ন রাখার একটা বার্তা পাঠালো ওয়েষ্ট ইন্ডিজ। তবে ক্যারিবীয়দের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দুই স্পিনার সুনিল নারাইন এবং বদ্রির ফিটনেস। বদ্রির করা বলে বাউন্ডারি ঠেকাতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়ে মাত্র দুই ওভার বোলিং করে মাঠ ছাড়েন নারাইন। আর নির্ধারিত ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট শিকার করা বদ্রি তার শেষ স্পেলে একটি ফিরতি ক্যাচ নিতে গিয়ে হাতের আঙ্গুলে আঘাত পান। তবে নারাইনের ইনজুরি বিষয়ে ওয়েষ্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি শোনালেন আশার কথাই। তিনি বলেন, ‘তার হাতে স্ক্যান করা হবে এবং আশা করছি বড় কোন সমস্যা হবে না। তবে ইতোমধ্যেই আমরা কাইরন পোলার্ডকে হারিয়েছি, সুতরাং বিশ্বকাপের এত কাছাকাছি সময়ে আরেকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানোর ভার আমরা বহন করতে পারব না।’ ইনজুরির কারণে গত দু’মাসে আগ্রাসী ওপেনার ক্রিস গেইলের সেবাও পায়নি ওয়েষ্ট ইন্ডিজ। তবে গতকালের ম্যাচে ফিরেই গুরুত্বপূর্ণ ৪৩ রান করেন তিনি। অন্যদিকে গেইলের ওপেনিং পার্টনার ডোয়াইন স্মিথ শুরুতেই ছিলেন মারমুখি। ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকানোর পর ব্রডের করা প্রথম ওভারেই ১৯ রান সংগ্রহ করেন তিনি। অবশ্য ২৭ রান করে প্রথম উইকেট হিসাবে বোপারার শিকার হন স্মিথ। বোপারা দু’টি এবং স্পিনার জেমস ট্রেডওয়েল এক উইকেট নিয়ে ইংল্যান্ড দলের সবচেয়ে সফল বোলারে পরিণত হন। অন্যদিকে, চোটের কারণে অনেকদিন দলের বাইরে থাকা স্যামুয়েলসকে ৪৬ বলে ৬৯ রানের ইনিংসে (১০টি চার এবং ১টি ছয়) অবশ্য ভাগ্যের সহায়তা নিতে হয়েছে। ব্রডের বলে ইয়োইন মরগান ক্যাচ মিস করলে ৩৭ রানে প্রথমবার জীবন পান স্যামুলেস। এরপর ১৮তম ওভারে জেড ডার্নবাচের বলে ট্রেডওয়েল দ্বিতীয়বার ক্যাচ মিস করেন।তবে এবার জীবন পেয়ে পরের পাঁচটি বলেই বাউন্ডারি হাঁকান জ্যামাইকার ডান- হাতি এ ব্যাটসম্যান।-বাসস/এএফপি স্কোরকার্ড ওয়েষ্ট ইন্ডিজ ডি স্মিথ ব বোপারা ২৭ সি গেইল এলবিডব্লিউ ট্রেডওয়েল ৪৩ এম স্যামুয়েলস অপরাজিত ৬৯ এল সিমনস ক লাম্ব ব বোপারা ৩ এ রাসেল অপরাজিত ২৪ অতিরিক্ত (লেবা-৩, নোব-১) ৪ মোট (৩ উইকেট ২০ ওভার) ১৭০ উইকেট পতন : ১-৫৭, ২-৮৭, ৩-১১২ বোলিং : ব্রড ২-০-২৬০ (নোব-১), ডার্নবাচ ৪-০-৩৬-০ ব্রেসন্যান ৪-০-৩৬-০, স্টোক ২-০-৩০-০, বোপারা ৪-০-২৩-২, ট্রেডওয়েল ৪-০-১৬-১ ইংল্যান্ড এম লাম্ব ক রামপল ব বদ্রি ১৮ এ হেলস স্টাম্পড রামদিন ব বদ্রি ৩ এল রাইট স্টাম্পড রামদিন ব বদ্রি ০ ই মর্গান ক (বদলি) চার্লস ব স্যামুয়েলস ১৯ জে বাটলার ক (বদলি) চার্লস ব নারাইন ০ আর বোপারা ক এন্ড ব ডোয়াইন ব্রাভো ৪২ বি স্টোকস স্টাম্পড রামদিন ব স্যামুয়েলস ৪ টি ব্রেসনান অপরাজিত ৪৭ এস ব্রড রান আউট ৫ জে ট্রেডওয়েল রান আউট ১ জে ডার্নবাচ অপরাজিত ১ অতিরিক্ত (বা-১, লেবা-২) ৩ মোট (৯ উইকেট, ২০ ওভার) ১৪৩ উইকেট পতন : ১-১৩, ২-১৩, ৩-৩৬, ৪-৪০, ৫-৫৫, ৬-৭৩, ৭-১০১, ৮-১২৩, ৯-১৩৩ বোলিং : বদ্রি ৪-০-১৮-৩, রামপল ৩-০-৩১-০, নারাইন ২-০-৮-১, ডোয়াইন ব্রাভো ৪-০-৩০-১, স্যামুয়েলস ৪-০-২১-২, সামি ১-০-১২-০, রাসেল ২-০-২১-০ ফল : ওয়েস্ট ইন্ডিজ ২৭ রানে বিজয়ী সিরিজ : তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী খেলা : ১১ মার্চ (বার্বাডোজ)