টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ধানমন্ডিতে চলছে প্রদর্শনী

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২২:১০
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে ধানমন্ডির দৃক গ্যালারিতে গতকাল শুরু হয়েছে ক্রিকেট স্যুভেনিয়র প্রদর্শনী। এখানে রয়েছে ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, ব্লেজারের পকেট, কয়েন, অটোগ্রাফ, ছবি, ট্রফিসহ অনেক দুর্লভ কিছু সংগ্রহ। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি করা ব্যাটটিও স্থান পেয়েছে প্রদর্শনীতে। গতকাল দুপুরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। সাংবাদিক এবং সাবেক ক্রিকেটার নজমুল আমিন কিরনের সংবলিত ক্রিকেটের দুর্লভ ছবি সবার কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে। এই সব দুষ্প্রাপ্য ছবি দেখে সাবেক ক্রীড়াবিদরা অতীত রোমন্থনে ফিরে গেছেন। তিন দিনের এই প্রদর্শনী দেখতে গিয়ে ছিলেন সাবেক ক্রিকেটার আহাসান জহির, দিপু রায় চৌধুরি, মোঃ আশরাফুল,বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, জাবেদ ওমর বেলিম প্রমুখ। আজ ও আগামীকাল বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এই প্রদর্শনীর আয়োজন করেছে।