রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর ভল্টের নিরাপত্তা নিশ্চিত করতে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। ব্যাংকগুলোর ভল্টের সার্বিক বিষয় খতিয়ে দেখে আগামী দুই মাসের মধ্যে সুপারিশসহ এ কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে এসব ব্যাংকের শাখার আশপাশে অবস্থিত বাড়িতে বসবাসকারীদের নাম-ঠিকানা স্থানীয় থানায় সরবরাহ করতে বলা হয়েছে। সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার পর বগুড়ায় সুড়ঙ্গ কেটে টাকা চুরির ঘটনার পর গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জিকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক এবং রাষ্ট্রীয় মালিকানার সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের একজন করে উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) রাখা হয়েছে।
