সামাজিক ব্যবসার প্রসারে তিন দেশ সফর করলেন ড. ইউনূস

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২২:৩৬
শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার উদ্ভাবিত সামাজিক ব্যবসায়ের প্রসারে সমপ্রতি আমেরিকা, ফ্রান্স ও কম্বোডিয়া সফর করেছেন। সফরকালে তিনি সেখানে নতুন সামাজিক ব্যবসার কার্যক্রম উদ্বোধন করেন। সেই সঙ্গে চলমান কিছু সামাজিক ব্যবসা কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া সামাজিক ব্যবসায়ে বিনিয়োগকারীদের সঙ্গে বেশ কয়েকটি আলাদা সভায়ও মিলিত হন। সফর শেষে গত শুক্রবার তিনি ঢাকায় ফিরে আসেন। ঢাকাস্থ ইউনূস সেন্টার এ তথ্য জানিয়েছে। সফরকালে তিনি প্যারিসে গ্রামীণ ক্রেডিট এ্যগ্রিকোল এর সামাজিক ব্যবসা ফান্ডের সভায় অংশগ্রহণ করেন। এছাড়া ভিন্ন একটি উদ্যোগে ফ্রান্সের চারটি শহরকে সামাজিক ব্যবসা শহর হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়া সেখানে আন্তর্জাতিক কৃষি মেলাসহ আরো কয়েকটি অনুষ্ঠানে তিনি অংশ নেন। ক্যালিফোর্নিয়ার লস এ্যাঞ্জেলসে গ্রামীণ আমেরিকার দুটো নতুন শাখা পরিদর্শন করেন ড. ইউসূস। ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় বিখ্যাত ওয়েস্টমন্ট কলেজ কর্তৃপক্ষ সেখানে সামাজিক ব্যবসা শহর সৃষ্টিতে এবং সেই সঙ্গে ওই কলেজে সামাজিক ব্যবসার সেন্টার প্রতিষ্ঠায় তাদের আগ্রহের কথা জানিয়েছে। এছাড়া ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটিতেও এ বিষয়ে আলোচনা করেন তিনি। কম্বোডিয়াতে এ বিষয়ে বেশ কয়েকটি সভায়ও মিলিত হন তিনি।