ডেমরা ও সিদ্ধিরগঞ্জ আবাসিক এলাকায় তীব্র গ্যাস সঙ্কট

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২২:৩৭
ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। এলাকার বাসিন্দারা সময়মত রান্না করতে পারছেন না। তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত দুই মাস ধরে এসব এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস সরাবরাহ বন্ধ থাকায় বাসিন্দারা বিড়ম্বনার শিকার। স্থানীয়রা চরম ক্ষুব্ধ। ডেমরা থানার সারুলিয়া ইউনিয়নের কোদাল দোয়া, গ্রীন সিটি আবাসিক এলাকা, ডগাইর, পূর্ব ডগাইর, পশ্চিম সানারপাড় ও সিদ্ধিরগঞ্জের সানারপাড়, লন্ডন মার্কেট, নিমাইকাশারী, বাঘমারা, মাদানীনগর, রসুলবাগসহ বিভিন্ন এলাকায় গত দুই মাস গ্যাসের তীব্র সংকট চলছে। এলাকায় গিয়ে জানা যায়, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকে না। বেলা ২টার পর যা গ্যাস পাওয়া যায় তাতে রান্না করা সম্ভব হয় না। সকালে গ্যাস না থাকায় বাসিন্দারা সময়মত রান্না করতে পারছেন না। এর ফলে স্কুল-কলেজ শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার লোকদের বিড়ম্বনায় পড়তে হয়। না খেয়েই চলে যাচ্ছেন স্কুল, কলেজ ও যার যার কর্মস্থলে। কেউ কেউ মাটির চুলায় খড়ি দিয়ে অনেক কষ্টে রান্না করছেন। পূর্ব ডগাইর গ্রীন সিটি এলাকার বাসিন্দা রওশন আরা বেগম ও সালেহা বেগম জানান, দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকে না। মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করতে খুবই কষ্ট হয়। এই অবস্থা চলছে গত দুই মাস ধরে। একই এলাকার মামুন জানান, ফ্ল্যাটের বাসিন্দারা মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করতে পারছেন না। ফলে তাদের আরো বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে। নিমাইকাশারী এলাকার ইমরান জানান, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকে না। বিকল্প পন্থায় খাবার তৈরি করতে কিংবা খাবার কিনে আনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। ঢাকার মতিঝিল ও টিকাটুলী তিতাস গ্যাস অফিসে যোগাযোগ করা হলে কোন কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। মতিঝিল তিতাস গ্যাস অফিসের রেডিও অপারেটর আলমগীর হোসেন বললেন, গ্যাসের সমস্যা জাতীয় সমস্যা।