আদালত অবমাননা

মালদ্বীপের সিইসি বরখাস্ত

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২২:৩৯
মালদ্বীপে আদালত অবমাননা করায় সুপ্রিম কোর্ট দেশটির প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার কমিশনারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে সিইসি ও উপ-প্রধান নির্বাচন কমিশনারকে বরখাস্ত করেছে। কারাদন্ড তিন বছরের জন্য স্থগিত করেছে আদালত। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে গোলযোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে তিনি বিচারকদের ভূমিকার সমালোচনা করায় আদালত এ রায় প্রদান করেছে। আদালতের এই আদেশের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। খবর বিবিসির। পার্লামেন্ট নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় বাকি থাকতে এই রায় দেওয়া হলো। ‘সংবিধানের অভিভাবক হিসেবে’ আদালত যে নির্দেশ দিয়েছে তা ‘অমান্য ও চ্যালেঞ্জ করায়’ প্রধান নির্বাচন কমিশনার ফুয়াদ তৌফিক ও তার ডেপুটি আহমেদ ফায়াজকে বরখাস্ত করা হয়েছে। রবিবার রাতে এক রায়ে তৌফিককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এটি তিন বছরের জন্য স্থগিত থাকবে। আদালত জানিয়েছে, তারা নির্বাচন নিয়ে যে নির্দেশনা দিয়েছিল সেটা না করে সিইসি নতুন নির্দেশনা দিয়ে আদালতের অবমাননা করেছে। এ রায়ের ফলে গত বছরের নির্বাচনকে কেন্দ্র করে আবার বিতর্ক শুরু হয়েছে। গত বছরের প্রথম দফা নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ জয়লাভ করলে বিচারকরা ওই ফলাফলকে বাতিল করে দেন। এরপর তারা একেবারে শেষ মুহূর্তে আরো দুটি নির্বাচন বাতিল করেন। নাশিদ ওই নির্বাচনে মালদ্বীপের সাবেক লৌহমানব মামুন আব্দুল গাইয়ুমের সত্ ভাইয়ের কাছে পরাজিত হন। তৌফিক বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন পরিচালনায় যে বাস্তব সমস্যা সৃষ্টি হতে পারে সে সম্পর্কে আলোচনা করায় এবং নির্বাচনের প্রধান আয়োজকদের অপসারিত করায় ২২ মার্চের পার্লামেন্ট নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবার ব্যাপারে সন্দেহ প্রকাশ করায় তাকে এ সাজা দেয়া হয়েছে।