লালমনিরহাটের পাটগ্রামে এক হিন্দু পরিবারের জমি দখলকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই আদেশ বাস্তবায়ন করে আগামী সাতদিনের মধ্যে জেলার পুলিশ সুপারকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
এছাড়া পাটগ্রাম উপজেলার রসুলপুরে ‘ভূমি দখলকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ‘বিবাদীদের নিষ্ক্রিয়তা’ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই এলাকার হিন্দু নাগরিকদের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষার নির্দেশনা কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, রংপুর বিভাগের উপ-মহাপরিদর্শক, লালমনিরহাটের পুলিশ সুপার, পাটগ্রাম থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি একটি ইংরেজি দৈনিকে ‘হিন্দু’জ ল্যান্ড গ্র্যাব্ড্ বাই এএল লিডার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, পাটগ্রাম উপজেলার রসুলপুর গ্রামের বউরা ইনিয়নের বাসিন্দা ভবানীকান্ত সিংহ ও তার দুই ছেলেকে জোর করে ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের বাসায় নিয়ে গিয়ে দলিলে সই নেয়া হয়। দলিলে বলা হয়, ভবানীকান্ত বউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মিরনকে ৩২ ডেসিমাল জমি হস্তান্তর করছেন। এরপর ভবানীকান্ত থানায় মামলা করেন। অন্যদিকে রবিউল ওই জমিতে পাকা ভবন নির্মাণ শুরু করেন। এই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী। আবেদনের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় শুনানি করেন। শুনানিশেষে হাইকোর্ট রুল জারি করে।
