রাজপথ আওয়ামী লীগ ও জনগণের

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২২:৪০
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা রাজপথে কিছুই করতে পারবেন না। রাজপথ আওয়ামী লীগের ও জনগণের। আমরা রাজপথে আছি, ভোটের পথেও আছি। গতকাল সোমবার বিকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে সূত্রাপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া উস্কানি দিয়ে জ্বালাও পোড়াও করতে চান। তাই আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে। তিনি বলেন, নতুন চক্রান্ত শুরু হয়েছে। আমরা ক্ষমতায় আছি বলে উল্লাস করা যাবে না। এমন কোনো কাজ করা যাবে না, যার কারণে মানুষ আমাদের উপর অভিমান করতে পারে। সূত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী’র সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।