চৌদ্দগ্রামে আওয়ামী লীগ অফিসে হামলা আহত ১০, গ্রেফতার ১

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২২:৪১
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর অনুসারীরা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এ সময় আওয়ামী লীগের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। উপজেলার মিয়াবাজারে রবিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলার কাশিনগর বাজারে ছাত্রদলের এক নেতার উপর হামলা হয়েছে- এ খবরে রবিবার রাতে মিয়াবাজারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হুদার কর্মীরা আওয়ামী লীগের উজিরপুর ইউনিয়নস্থ দলীয় ও নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় ওই অফিসের দরজা-জানালা, আসবাবপত্র ও টিনের বেড়া ভাংচুর করা হয়। হামলায় আবদুল বারেক, জসিম উদ্দিন সরদার, ফজলুল হক মেম্বার, হোসেন, ফরিদ মিয়াসহ ১০ নেতা-কর্মী আহত হয়। এ ঘটনার প্রতিবাদে গভীর রাত পর্যন্ত দলের স্থানীয় নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে। পরে দলীয় কার্যালয়ের সামনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় বিএনপির ২৯ জনের নাম উল্লেখ করে আওয়ামী লীগ নেতা মিয়া নাছির বাদী হয়ে মামলা দায়ের করেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, এ মামলায় সোহাগ নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই রাতে উপজেলার গাংরা ও শরপুটি এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পৃথক সংঘর্ষে ইয়াকুব চৌধুরী ও বাচ্চু মিয়া নামে দুই বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছে।