তোমাদের জন্য লেখা

আপডেট : ১১ মার্চ ২০১৪, ১৮:১২
বঙ্গবন্ধুর বীরগাথা বঙ্গবন্ধু বীরগাথা একখানি জীবনীগ্রন্থ। গ্রন্থটি লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক ছোটদের জন্য অনেক বই লিখেছেন। এগুলো হলো: হডসনের বন্দুক, আনু বড় হয়, গল্প+পদ্য=গল্পদ্য, চালতা লেবু, আমার স্কুল, কবিতা সমগ্র, কিশোর সমগ্র, কিশোর কবিতা ও সীমান্তের সিংহাসন। সীমান্তের সিংহাসন প্রথম মাসিক টাপুর টুপুরে প্রকাশিত হয় আজ থেকে ৪৪ বছর পূর্বে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। তাঁর অক্লান্ত ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম ও আন্দোলনের ফলে বাংলাদেশের অভ্যুদয়। তার জীবনকথা জানার অর্থই হলো বাংলাদেশ সৃষ্টির ইতিহাস জানা। সৈয়দ শামসুল হক বইটির শুরুতেই সে কথা বলেছেন এভাবে: বঙ্গবন্ধুর জীবন কথা জানার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস জানা ছোটদের জন্য শুরু হোক, এই আমার প্রার্থনা। বইটিতে বঙ্গবন্ধুর জীবনকাহিনী সহজ-সরল ভাষায় বিধৃত করা হয়েছে। শুরু হয়েছে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া গ্রামের বর্ণনা দিয়ে। শেষ হয়েছে তাঁর মা-বাবার কবরের পাশে ঘুমানোর চিত্র এঁকে। কিন্তু শুরুরও আগে এবং সমাপ্তির শেষে আছে দুটো অপূর্ব কবিতা। বঙ্গবন্ধুকে নিয়ে শত শত শিশুতোষ গ্রন্থ রচনা করা হয়েছে। কিন্তু এ ধরনের বই এর আগে লেখা হয়নি। বঙ্গবন্ধুর জীবনকথা সহজ-সরল শব্দ ও বাক্যের সমন্বয়ে রচনাশৈলী অপূর্ব। বইটির পাতায় পাতায় শোভিত রঙিন ছবি। পড়তে বসলে শেষ করে উঠতে হয়। তবে বইটিতে ‘বাইগ্যা’ নামের যে নদীটির নাম উল্লেখ করেছেন, তা কিন্তু গোপালগঞ্জের কোথাও নেই। ঐ নামে কোটালীপাড়ার উত্তরে একটি বিল রয়েছে। বিলের মধ্যে বয়ে যাওয়া নদীটি কোটালীপাড়ায় এসে ঘাঘোর নাম ধারণ করেছে এবং বয়ে গিয়ে পাটগাতিতে মিশেছে। পাটগাতির ১ কি.মি. দূরে টুঙ্গীপাড়া। যা কবি বিজয়গুপ্ত তার পদ্মা-পুরাণেও উল্লেখ করেছেন। বঙ্গবন্ধুর জীবনগাথা বাংলা সাহিত্যের জীবনীগ্রন্থে একটি উল্লেখযোগ্য সংযোজন। গ্রন্থটি ছোটদের কাছে বিপুলভাবে আদৃত হবে। এটির প্রচ্ছদ ও অলঙ্করণ রফিকুন নবীর। প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে। মূল্য: দুইশত আশি টাকা। ছোটদের বঙ্গবন্ধু ছোটদের বঙ্গবন্ধু আমিনুর রহমান সুলতানের লেখা আরেকখানি জীবনীগ্রন্থ। আমিনুর রহমান সুলতান ছোটদের জন্য লিখছেন দীর্ঘদিন ধরে। ছোটদের জন্য তার উল্লেখযোগ্য বইগুলো হলো: মুক্তিযুদ্ধের কিশোর গল্প, সকালবেলার পাখি, ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের কিশোর ইতিহাস ও মাটির খেলনা। আলোচ্য বইটি লেখক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা ঘটনা বর্ণনা করেছেন। মোট চব্বিশটি অধ্যায়ে এসব ঘটনা বিধৃত করেছেন। বিশেষ বিশেষ অধ্যায়গুলো হলো: খোকার হাতেখড়ি, খেলোয়াড় খোকা, কিশোর মুজিব, ব্রিটিশ বিরোধী আন্দোলনে শেখ মুজিব, ভাষা আন্দোলনে শেখ মুজিব, যুক্তফ্রন্ট নির্বাচনে শেখ মুজিব, বঙ্গবন্ধুর স্বাধিকারের সংগ্রাম, জাতির নেতা শেখ মুজিব, ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার ঘোষণা ও জাতির পিতা বঙ্গবন্ধু। এসব অধ্যায়ে লেখক বঙ্গবন্ধুর সংগ্রাম ও আন্দোলনের পুরো ঘটনা চিত্রিত করেছেন। বইটি পড়লে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসও এক অর্থে জানা হয়ে যাবে। বইটিতে আরো রয়েছে বঙ্গবন্ধুর দুর্লভ কিছু ফটোগ্রাফি— বইটির প্রচ্ছদ ধ্রুব এষের আঁকা। প্রকাশিত হয়েছে ঢাকার চারুলিপি থেকে। মূল্য: একশত টাকা। খালেক বিন জয়েনউদদীন