এখন থেকে বিদেশি কোম্পানিগুলোও দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারবে। দেশের ব্যাংকগুলোতে তারল্য বেশি থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট। সকল ব্যাংক ও ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে ওই সার্কুলার পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, দেশের উত্পাদন ও সেবাখাতের সঙ্গে সংশি¬ষ্ট বিদেশি মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন কোম্পানী মেয়াদী ঋণ নিতে পারবে। যেসব কোম্পানী ৩ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে তারাই কেবল টাকায় এ ঋণ নেয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে ঋণদাতা প্রতিষ্ঠানকে ঋণ দেয়ার যাবতীয় শর্ত মেনে চলতে হবে। নির্দিষ্ট সময় পর পর বিদেশি কোম্পানীকে প্রদত্ত ঋণের তথ্য ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপককে (জিএম) জানাতে হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোক।
এ বিষয়ে জানতে চাইলে ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, স্থানীয় মার্কেটে টাকা বেশি আছে এজন্য বিদেশি কোম্পানীগুলোকেও ঋণ দেয়ার অনুমতি দেয়া হয়েছে। বাংলাদেশি উত্স থেকে ঋণ নিতে বিদেশিদের আকৃষ্ট করার জন্য সুযোগ দেয়া হলো।
