ছবিটি অভিনেতা নিরবের!

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২১:২০
উপরের ছবিটি মডেল-অভিনেতা নিরবেরই। এতে কোনো সন্দেহ নেই। নিরবের এই দীর্ঘ ক্যারিয়ারে তাকে কখনোই মুখভর্তি দাড়ি-গোঁফে না দেখলেও এবার দেখা যাবে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘নদীজন’ চলচ্চিত্রে নিরবের গেটআপটা ঠিক এমনই। শুটিং শেষ হয়েছে অনেক আগেই। গত কয়েকদিন ধরে নিরব ছবিটির ডাবিংয়ে সময় দিচ্ছেন। নিরব সম্প্রতি তার এই ছবিটি তার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন। ছবিটির ভূয়সী প্রশংসাও পড়েছে কমেন্টসে। ছবিটি নির্মাণ করছেন শাহনেওয়াজ কাকলী। এতে আরও অভিনয় করছেন তমা, মামুনুর রশীদ, প্রাণ রায়, মোমেনা চৌধুরী, শর্মীমালা প্রমুখ। উল্লেখ্য, মাঝে দীর্ঘ কয়েক বছর চলচ্চিত্র শিল্প ঝিমিয়ে থাকলেও এখন নতুন উদ্যোমে জেগে উঠেছে চলচ্চিত্রাঙ্গন। কাজ করছেন বহু তরুণ নির্মাতারাও। তারা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছেন এক্সপেরিমেন্টাল কিছু কাজ করতে। অনেকে করছেনও। সবাই সফল না হলেও হাতে গোনা দুয়েকজন সফলতার ছোঁয়াও পেয়েছেন। আর তাদের সফলতার ছোঁয়া দেখে বাকিরাও অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। দর্শকদের মধ্যেও গ্রহণযোগ্যতা ও আগ্রহ বেড়ে উঠেছে দেশীয় চলচ্চিত্র নিয়ে। নিরব বলেন, ‘আমাদের চলচ্চিত্র শিল্পের এখনকার পরিস্থিতি কয়েকবছর আগের পরিস্থিতি থেকে অনেকটাই ভিন্ন। এখন নতুন কিংবা পুরোনো যারাই কাজ করছেন, সবাই চেষ্টা করছেন দর্শকদের জন্য ভালো কিছু উপহার দিতে। সবাই নিজেদের কাজে ভিন্নতা আনার চেষ্টা করছেন। মার্কেটিংয়ের প্রতিও বেশ আগ্রহী হয়ে উঠছেন। এগুলো প্রয়োজন। আমিও এখন পুরোদস্তুর চলচ্চিত্রেই সময় দিচ্ছি। বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছি। খুব শীঘ্রই আমার ‘গেম’ ছবিটিও মুক্তি পাবে।’