ধামরাইয়ে ৬৬ লাখ টাকা ছিনতাই, গুলিবিদ্ধ ১

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২১:২৩
গত সোমবার বিকেলে ধামরাইয়ের কালামপুরে দুর্বৃত্তরা ৬৬ লাখ টাকা ছিনতাই করেছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ্ব করিম টেক্সটাইলের ডেপুটি ম্যানেজার আব্দুল আলীম, সিকিউরিটি ম্যানেজার আব্দুল করিম হাওলাদারসহ কয়েকজন কর্মকর্তা শ্রমিকদের বেতন দেয়ার জন্য কালামপুর বাজার ইসলামী ব্যাংক শাখা থেকে ৬৬ লাখ টাকা উত্তোলন করার পর তারা মাইক্রোবাসযোগে আলহাজ্ব করিম টেক্সটাইলের উদ্দেশ্যে রওনা হয়। ব্যাংক থেকে মাত্র অর্ধ কিলোমিটার পথ যাওয়ার পরই কালামপুর-সাটুরিয়া সড়কের কালামপুর মোড়ে দুর্বৃত্তরা টাকা বহনকারী মাইক্রোবাসটির গতিরোধ করে ৬৬ লাখ টাকা ছিনিয়ে নেয়। এতে সিকিউরিটি ম্যানেজার আব্দুল করিম হাওলাদার গুলিবিদ্ধ হয়। এক পর্যায় স্থানীয় লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এসময় পুরো এলাকায় আতংকের সৃষ্টি হয়। আহত সিকিউরিটি ম্যানেজার আব্দুল করিম হাওলাদারকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় পাঠানো হয় বলে জানা যায়। এ এসপি রাসেল শেখ জানান, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।