উখিয়ায় সুবিধাজনক স্থানে বিএনপি প্রার্থী

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২১:২৬
উখিয়া উপজেলা আওয়ামী লীগ পর পর দুইবার বৈঠক করেও একক প্রার্থী ঘোষণা করতে পারেনি। নেতা-কর্মীদের মাঝে দূরত্ব ও মতবিরোধ আরো বাড়ছে। এমতাবস্থায়, বিএনপি’র একক প্রার্থী হিসাবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা সুবিধাজনক স্থানে থেকে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে। নাগরিক কমিটির প্রার্থী হুমায়ুন কবির চৌধুরী বলছেন, তাকে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে ঘোষণা করা হোক; অধিকার বঞ্চিত নাগরিকের পাশে থেকে শেষ পর্যন্তও নির্বাচন করে যাব। নির্বাচন কমিশনের চতুর্থ দফায় ঘোষিত ৩১ মার্চ উখিয়া উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করলে; এ উপজেলার ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। তন্মধ্যে আওয়ামী লীগের ৪ জন। এরা হচ্ছেন- হুমায়ুন কবির চৌধুরী মন্টু, আবুল মনসুর চৌধুরী, আশরাফ জাহান কাজল ও আনিসুল ইসলাম। এদিকে জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন, উখিয়া উপজেলা চেয়ারম্যান পদে সরওয়ার জাহান চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছেনুয়ারা বেগমকে বিএনপি’র একক প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে।