বাংলাদেশে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলে আফ্রিদির যোগ দিতে কিছুটা দেরি হতে পারে। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে কুচকিতে আঘাত পাওয়াতেই এই দেরি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্রে জানা গেছে এ তথ্য।
পিসিবির একটি বিশ্বস্ত সুত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পাকিস্তান দল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলেও আফ্রিদি সতীর্থদের সঙ্গী হচ্ছেন না বলে টিম ম্যানেজমেন্টকে জানানো হয়েছে। সূত্র জানায়, ‘টি-২০ বিশ্বকাপে দলে যোগ দেয়ার আগে বোর্ড তার ফিটনেস পরিক্ষা নিতে চায়। আর এ কারণেই বৃহস্পতিবার রাতে আফ্রিদি দলের সঙ্গে যাচ্ছেন না।’
কিছুটা বিশ্রাম ও কুচকির আঘাত সেরে ওঠার পর দলের সঙ্গে বাংলাদেশে যোগ দেবেন আফ্রিদি। ইনজুরির কারণে অনুশীলন ম্যাচ তো বটেই টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলোতেও আফ্রিদিকে না খেলানোর চিন্তা-ভাবনা করছে পিসিবি।
এশিয়া কাপে ভারত ও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলের জয়ের নায়ক আফ্রিদি স্বাগতিক দলের বিপক্ষে খেলার সময় কুচকিতে আঘাত পান। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে খেলতে এই হার্ড হিটিং অলরাউন্ডারকে ব্যথা নাশক ইনজেকশন নিতে হয়েছে বলে নিশ্চিত করেছেন দলের ক্রিকেট পরামর্শক জহির আব্বাস।
আব্বাস বলেন, ‘হ্যাঁ, ইনজুরির কারণে সে শতভাগ ফিট ছিল না এবং ব্যথা নাশক ইনজেকশন নিয়ে তাকে খেলতে হয়েছে। একজন সিনিয়র খেলোয়াড় হিসাবে সে ভাল ফর্মে থাকায় এবং খেলার জন্য খুবই আগ্রহী থাকায় আমরা তাকে দিয়ে খেলিয়েছি।’
বাংলাদেশ থেকে দেশে ফেরার পর কুচকির আঘাতের কারণে অনুশীলন অথবা রানিং না করার জন্য আফ্রিদিকে পরামর্শ দিয়েছেন বলে বোর্ডকে জানিয়েছেন দলের ট্রেইনার। দেশে ফিরে আফ্রিদি বলেছিলেন এশিয়া কাপের ফাইনালে পরাজিত হয়ে তিনি হতাশ হয়েছেন তবে ভারত ও বাংলাদেশকে হারাতে পাকিস্তানের ভাল খেলতে হয়েছে।
ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক বলেন, ‘এটা সত্যি যে সব বিভাগেই আমাদের উন্নতি করা প্রয়োজন। তবে আমাদের টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ের ভাল সম্ভাবনা রয়েছে।’ বাসস।
