টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখাটা মোটেই সহজ হবে না। তবে কঠিন সেই চ্যালেঞ্জ নিতে ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুত বলেই জানিয়েছেন দলটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। বাংলাদেশে আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে ক্যারিবীয়রা কঠোর পরিশ্রম করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
প্রায় দেড় বছর আগে স্বাগতিক শ্রীলংকাকে হারিয়ে শিরোপা জয়ের সময়ও ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের দায়িত্ব পালন করা সামি মনে করছেন, ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল অনুষ্ঠেয় এ টুর্নামেন্ট সব দলের জন্যই নতুন করে শুরু করা।
সামি বলেন, ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াটা একটা অসাধারণ অনুভূতি, তবে এটা এখন ইতিহাস। আমরা যখন বাংলাদেশে খেলতে নামব তখন নতুন করেই নামতে হবে এবং শ্রীলংকায় যা করেছিলাম সবাইকে আবারো সেটাই করতে হবে। সেখানে (শ্রীলঙ্কা) আমরা দলগতভাবে, জনগণের জন্য খেলেছি এবং আমাদের লক্ষ্য ছিল শিরোপা জয় করা। এবারও আমাদের শিরোপা অক্ষুণ্ন রাখতে হবে এবং দলের খেলোয়াড়রা সকলেই খুব আত্মবিশ্বাসী। শিরোপা অক্ষুণ্ন রাখার জন্য তারা কঠোর পরিশ্রম করছে।’
তবে শিরোপা ধরে রাখার সেই মিশনে বড় ধাক্কা হয়ে এসেছে টি-টোয়েন্টির অন্যতম বড় তারকা কাইরন পোলার্ডের অনুপস্থিতি। তবে পোলার্ডের অভাব ঘুচিয়ে দেয়ার মতো খেলোয়াড় দলে আছেন দাবি করে এই পেস বোলিং অলরাউন্ডার আরো বলেন, ‘টি-২০ ক্রিকেটে দলের সবচেয়ে অভিজ্ঞ কাইরন পোলার্ডকে আমরা পাচ্ছি না। দলের ছেলেরা পুরো বিশ্ব জুড়েই খেলার অভিজ্ঞতা অর্জন করেছে এবং আমাদের মূল দলটি এখনো বেশ ভাল। আমরা জানি সেখানে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরা আবারো চ্যাম্পিয়ন হব।’
২০১২ আসরে ওয়েস্ট ইন্ডিজ তাদের ভাগ্যের সহায়তায় গ্রুপ পর্ব পেরিয়েছিল। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল ক্যারিবীয়রা। একই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। ফলে রান রেটে এগিয়ে থেকে সুপার এইটে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ।
সেমিফাইনালে ওঠার আগে ইংল্যান্ডকে হারালেও শ্রীলংকার কাছে হেরেছিল ক্যারিবীয়রা। তবে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল দলটি।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ফাইনালে স্বাগতিক লঙ্কানদের বিরুদ্ধে মারলন স্যামুয়েলসের অসাধারণ নৈপুণ্যে শিরোপা জয় করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সামির বিশ্বাস বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সতীর্থরা আবারো জ্বলে উঠবেন আগের মতোই। দীর্ঘদেহী এই খেলোয়াড় বলেন, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলা ১২ জনের মত খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছে। যেটা আমাদের জন্য খুবই সহায়ক হবে। পোলার্ড, গেইল, ব্রাভো, নারাইন সকলেই আইপিএলের তারকা খেলোয়াড় এবং সকলেই ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন। একজন অধিনায়ক হিসাবে সত্যিই এটা আমার জন্য অনেক কিছু।’ ‘হ্যাঁ। আমরা শিরোপা জিতেছিলাম তবে বাংলাদেশে এটা অক্ষুণ্ন রাখাটা অবশ্যই বড় চ্যালেঞ্জ হবে। তবে সেটা করার মত খেলোয়াড় আমাদের রয়েছে বলে আমি বিশ্বাস করি।’
বিশ্বকাপে নিজ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্তিশালী দলগুলো হলো ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আগামী ২৩ মার্চ মিরপুরে শুরু হচ্ছে ক্যারিবীয়দের বিশ্বকাপ যাত্রা।
