১৬ মার্চ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে উঠবে ২০১৪ সালের আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির পর্দা; তার আগেই আজ থেকে মাঠে গড়াতে শুরু করবে বল। আজ ও আগামী ১৪ মার্চ ফতুল্লা ও চট্টগ্রামে আটটি অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে প্রথম পর্বের দুই গ্রুপের আট দল। প্রত্যেকে দুটি করে ম্যাচ খেলবে ভিন্ন গ্রুপের দু’ দলের সঙ্গে। বাংলাদেশের দুটি অনুশীলন ম্যাচই হবে এই ফতুল্লায়; আজকের প্রতিপক্ষ আরব আমিরাত এবং ১৪ তারিখ থাকবে আয়ারল্যান্ড।
বিক্রান্ত শেঠী পেশায় একজন জনসংযোগ কর্মকর্তা। তার প্রতিষ্ঠানের হয়ে বিভিন্ন সংবাদ সম্মেলন আয়োজন করেন, বিভিন্ন সেবা গ্রহীতা প্রতিষ্ঠানের হয়ে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখেন, সংবাদ মাধ্যম ও করপোরেট দুনিয়ার ভেতরে সংযোগ তৈরির নেপথ্যে কাজ করেন। কিন্তু এবার শেঠী একটু বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়েছেন। এই প্রথম তিনি নিজেই সংবাদ সম্মেলনে হাজির এবং সংবাদকর্মীরা তাকেই নানারকম প্রশ্ন করছেন।
কারণ, বিক্রান্ত শেঠী সংযুক্ত আরব আমিরাত দলের খুব গুরুত্বপূর্ণ একটা ক্রিকেটার!
শুধু শেঠী নন; এই দলের সবার গল্পটাই এই একইরকম। কেউ ব্যাংকে চাকরি করে, কেউ বিজ্ঞাপনী সংস্থায়; আবার কেউ এয়ারলাইন্সে চাকরি করেন। মোট কথা দলের কারোরই জীবন-জীবিকা ক্রিকেট খেলে চলে না। আক্ষরিক অর্থেই ক্রিকেট খেলে কোটি টাকা আয় করা বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে তাদের তুলনাই চলে না। এরা ক্রিকেটটা খেলেন শুধু ভালোবাসা থেকে। সেই ভালোবাসার জোর নিয়েই আজ বাংলাদেশের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত দল।
যদিও ১৬ মার্চ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে উঠবে ২০১৪ সালের আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির পর্দা; তার আগেই আজ থেকে মাঠে গড়াতে শুরু করবে বল। আজ ও আগামী ১৪ মার্চ ফতুল্লা ও চট্টগ্রামে আটটি অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে প্রথম পর্বের দুই গ্রুপের আট দল। প্রত্যেকে দুটি করে ম্যাচ খেলবে ভিন্ন গ্রুপের দু’ দলের সঙ্গে। বাংলাদেশের দুটি অনুশীলন ম্যাচই হবে এই ফতুল্লায়; আজকের প্রতিপক্ষ আরব আমিরাত এবং ১৪ তারিখ থাকবে আয়ারল্যান্ড।
আজ দু’ ভেন্যুতে সবমিলিয়ে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশ-আমিরাত এবং পরের ম্যাচে আয়ারল্যান্ড-নেপাল মুখোমুখি হবে। এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তান-নেদারল্যান্ডস এবং দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে-হংকং মুখোমুখি হবে। প্রথম ম্যাচ দুটি দুপুর সাড়ে তিনটা থেকে এবং দ্বিতীয় ম্যাচ দুটি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মাঠে গড়াবে।
যদিও এই অনুশীলন ম্যাচগুলো নিতান্তই আনুষ্ঠানিকতা। কিন্তু এর ভেতর থেকেই আসলে দলগুলো চাইবে প্রয়োজনীয় আত্মবিশ্বাস যোগাড় করে নিতে। বিশেষ করে বাংলাদেশের জন্য প্রতিপক্ষ যেই হোক না কেন, এখন জয়ের ধারায় থাকাটা খুব জরুরি। অন্তত তেমনটাই বলছিলেন বাংলাদেশ দলের একজন কর্মকর্তা, ‘হোক ম্যাচ আরব আমিরাত বা আয়ারল্যান্ডের বিপক্ষে, হোক এখানকার রেকর্ড সংরক্ষণ হবে না; কিন্তু আমাদের জন্য এই দুটো ম্যাচ বড় ব্যাপার। এই দুটো ম্যাচই আমাদের বিশ্বকাপের আগে শেষ অনুশীলনের সুযোগ। আর এখানে জয় পেলে সেটা অবশ্যই ভেতরে ভেতরে একটু হলেও আত্মবিশ্বাস তৈরি করে দেবে।’
প্রতিপক্ষ আরব আমিরাতের জন্য পুরোটাই অবশ্য আনন্দ আর উত্সবের উপলক্ষ। ১৯৯৬ সালের পর এই প্রথম আবার তারা বৈশ্বিক কোনো টুর্নামেন্টে খেলতে যাচ্ছে। এখনও সব খেলোয়াড়ই নিতান্ত অপেশাদার ক্রিকেট খেললেও এ নিয়ে তাদের উত্সাহ উদ্দীপনার শেষ নেই। আরব আমিরাতের এই দলটি এখনও কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি, ওয়ানডে খেলেছে মাত্র ১২টি; তারপরও তাদের প্রতিটি খেলা একটা উত্সবের মতো।
শেঠী যেমন বলছিলেন, দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে খুব উন্মাদনা না থাকলেও এবার অন্তত লোকেরা বেশ আগ্রহ টের পাচ্ছেন। নানা দেশের অভিবাসীর দেশ আরব আমিরাত এবার সত্যিই ‘সংযুক্ত’ হবে বলে তার বিশ্বাস, ‘অফিসে এক এক জন এক এক দল সমর্থন করে। কেউ ভারত, কেউ পাকিস্তান, কেউ অস্ট্রেলিয়া। তবে এবার সবাই আরব আমিরাতেই সমর্থন করবে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’
এই উত্সবকে আজ ম্লান করে দেওয়ার কষ্টকর কাজটা করতে হবে বাংলাদেশকে।
