ভারতের কাছে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশের মেয়েরা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে মাত্র ৬৬ রানের লক্ষ্য পায় সফরকারীরা। জবাবে ১২ ওভার তিন বল খেলে আট উইকেটে দ্বিতীয় ম্যাচটি জিতল তারা। ২-০ তে সিরিজও নিজেদের করে নিল ভারত।
ব্যাটারদের ব্যর্থতার দিনে বাংলাদেশ ৯ উইকেটে মাত্র ৬৫ রান সংগ্রহ করতে পেরেছিল। টস জিতে বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন ব্যাট করার সিদ্ধান্ত নেন। মাত্র চারজন দুই অঙ্কের রান করতে পেরেছেন। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন ফারজানা হক। দুটি করে উইকেট নিয়েছেন ভারতের ঝুলন গোস্বামী ও পুনম যাদব। তাছাড়া ভারতের নিয়ন্ত্রিত ফিল্ডিংয়ে বাংলাদেশের চারজন রান আউটের শিকার হন। লক্ষ্যে নেমে মাধুরী মেহতা ও শিখা পান্ডের উদ্বোধনী জুটিতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত। কিন্তু দলীয় ৪৫ ও ৪৭ রানে দুজনই সাজঘরে ফেরেন। ১৬ রানে শিখাকে শায়লা শারমীনের ক্যাচ বানান পান্না ঘোষ। ২৩ রানে রুমানা আহমেদের শিকার হন মেহতা। ঝুলান গোস্বামী ১৮ রানে ও হারমানপ্রীত কৌর ২ রানে অপরাজিত থেকে দলকে জেতান। প্রথম টি-২০ তে বাংলাদেশের প্রমীলারা ভারতের মেয়েদের কাছে ১৬ রানে হেরেছিল। হোয়াইটওয়াশ এড়াতে ১৩ মার্চ একই ভেন্যুতে শেষ ম্যাচটি খেলতে নামবে সালমা খাতুনের দল।
